শেখ হাসিনার বিচারের রায়ের তারিখ ঘোষণাকে স্বাগত জানিয়েছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে মগবাজারে দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ কথা বলেন।
সকল প্রতিবন্ধকতা দূর করে আদালত রায় ঘোষণা করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। বলেন, রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবে। আওয়ামী ফ্যাসিবাদের সব হুমকিধামকি মানুষ রাস্তায় নেমে প্রতিহত করছে।
তিনি আরও বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য জাতির যে অগ্রযাত্রা তা বাধাগ্রস্থ করতে পরাজিত ফ্যাসিবাদ শক্তি নাশকতার অপচেষ্টা করেছে। এসব অপচেষ্টা প্রতিরোধে রাজধানীর ১৪টি পয়েন্টে জামায়াতের নেতাকর্মীরা পরিকল্পিত অবস্থান নিয়েছে।
জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি এবং নভেম্বরেই গণভোট হলে জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলেও জানান গোলাম পরওয়ার। বলেন, গণভোট দিতে যত দেরি হবে দেশবিরোধী চক্রান্তকারীরা ততই নাশকতা সৃষ্টির সুযোগ পাবে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন