ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ফ্লাইওভারের পাশে ককটেল বিস্ফোরণ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা গোপালগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন, এমপির ক্লিনিকে ভাঙচুর ২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: শফিকুর রহমান

শেখ মোরসালিন, রিমেম্বার দ্য নেম!

সময়টা ২০০৩ সাল। দেশের মাটিতে সাফ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল। বাংলাদেশ ফুটবল দলের কোচ অস্ট্রিয়ান জর্জ কোটান। জাতীয় স্টেডিয়ামের
  • আপলোড সময় : ১৯ নভেম্বর ২০২৫, দুপুর ৩:১ সময়
  • আপডেট সময় : ১৯ নভেম্বর ২০২৫, দুপুর ৩:১ সময়
শেখ মোরসালিন, রিমেম্বার দ্য নেম! ছবি : সংগৃহীত

সময়টা ২০০৩ সাল। দেশের মাটিতে সাফ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল। বাংলাদেশ ফুটবল দলের কোচ অস্ট্রিয়ান জর্জ কোটান। জাতীয় স্টেডিয়ামের গ্যালারি সেদিন ফেটে পড়ছিল ‘মুন্না! মুন্না!’ স্লোগানে। কারণ, ভারতের বিপক্ষে ২৫ গজ দূর থেকে তার করা বাঁ পায়ের বুলেট গতির শট লক্ষ্যভেদ করে ভারতের জালে। তারপর শেষ বাঁশি! তখনকার নিয়মে ‘গোল্ডেন গোল’। ম্যাচ জয়ের হাসি বাংলাদশের মুখে। সেবার ট্রফিও ওঠে কোটানের শিষ্যদের হাতে।


এরপর কেটে গেছে বাইশ বছর। মাঝের ১০ ম্যাচে ৬টি ড্র, ৪টি পরাজয়। ভারতকে হারাতে পারছিল না বাংলাদেশ। জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল জয় না পাবার গ্লানি। দর্শক-সমর্থকদের মনে তবু আশাবাদ। অবশেষে নিজ মাটিতেই এলো সেই মাহেন্দ্রক্ষণ, হলো প্রতীক্ষার অবসান। ১৮ নভেম্বর রাতে এশিয়ান কাপ বাছাইপর্বের ফিরতি ম্যাচে ভারতকে ১-০ গোলে হারালো বাংলাদেশ। আর দেশের ফুটবলপ্রেমীরা পেলো উল্লাসে ফেটে পড়ার মতো এক রজনী।


'সবেধন নীলমণি' গোলটি শেখ মোরসালিনের। ম্যাচের ১১ মিনিটে কাউন্টার অ্যাটাকে বাম প্রান্ত থেকে রাকিবের দুরন্ত দৌড়। তার বাড়ানো আড়াআড়ি পাসে নিখুঁত প্লেসিংয়ে লক্ষ্যভেদ করে লাখো সমর্থককে উল্লাসে ভাসান মোরসালিন। বাঁধাই করে রাখার মতো এক গোল। শেষ পর্যন্ত ভারতকে হারিয়েই মাঠ ছাড়েন হামজা-শমিত সোমরা। এশিয়ান কাপে কোয়ালিফাই নিশ্চিত হয়নি বাংলাদেশের, তবে জয়টি এসেছে জগদ্দল পাথরটিকে সরিয়ে দিতে। আর এর অন্যতম কারিগর শেখ মোরসালিন। সাত নম্বর জার্সি পরে খেলেন। ক্রিশ্চিয়ানো রোনালদোকে আইডল মানেন। তার মতো করেই গোল করার পর মাঠের এক কোণে গিয়ে লাফিয়ে 'সিইউ' উদযাপন করেন। হয়তো মনেপ্রাণে 'সিআরসেভেন' হতে চান কিন্তু সমর্থকদের কাছে শেখ মোরসালিন এখন 'এসএমসেভেন'। শেখের 'এস', মোরসালিনের 'এম' আর জার্সি নম্বর 'সেভেন'।


কৈশোরের সারল্য অঙ্কিত এখনও তার চোখে-মুখে। তবু জাতীয় দলের হয়ে ম্যাচের পর ম্যাচ যেভাবে গোল করে চলেছেন, দেখে বিস্ময় লাগে। কিছুদিন আগে এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে ম্যাচেও ৮৪ মিনিটে গোল করেছিলেন মোরসালিন। তার গোলটিই ছিল অবিশ্বাস্যভাবে ৩-৩ গোলে সমতায় ফেরার প্রথম সোপান। যদিও ভজঘট রক্ষণের কারণে ম্যাচটি হাতছাড়া হয় বাংলাদেশের।


২০২৩ সালের নভেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বে লেবাননের বিপক্ষে ডি-বক্সের বাইরে থেকে করা মোরসালিনের গোলটির কথা মনে আছে? পিছিয়ে পড়েও ম্যাচটি বাংলাদেশ ১-১ গোলে ড্র করে। গোলকিপার মেহেদি শ্রাবণের করা হাস্যকর এক ভুলে গোল হজম করার পর বাংলাদেশকে ম্যাচে ফেরান এসএমসেভেন। আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশি ফুটবলারদের এমন দূরপাল্লার গোল যেন ডুমুরের ফুল। গতি, পর্যবেক্ষণ, শট অ্যাকুরেসি সব ক্যাটাগরিতেই মোরসালিনের গোলটি ছিল অনন্য সাধারণ। সে বছরেই জাতীয় দলে অভিষেক মোরসালিনের। সাফ চ্যাম্পিয়নশিপে ক্যারিয়ারের তৃতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে তার প্রথম আন্তর্জাতিক গোল। সে আসরে ভুটানের বিপক্ষে গোলটিও ছিল ডি-বক্সের বাইরে থেকে করা শটে। রাকিবের করা অন্য গোলটাতেও তার অবদান ছিল। মোরসালিন জাদুতেই দীর্ঘ ১৪ বছর পর সাফ ফুটবলের সেমিতে খেলেছিল বাংলাদেশ।


ঘরোয়া ফুটবলেও মোরসালিন উপহার দেন চোখধাঁধানো সব গোল। তার বুলেট গতির শটগুলো দেখলে প্রশ্ন জাগে, ডান পায়ে এতো শক্তির উৎস কোথা থেকে আসে? ডি-বক্সের সামনের জায়গাটা এই মিডফিল্ডারের হয়তো বেশ পছন্দের। গোল করে বাধভাঙ্গা উল্লাসে মিশে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা তার। সমর্থকও 'মোরসালিন, মোরসালিন' রব তোলে গ্যালারিজুড়ে। তার সামনে হয়তো তখন অদৃশ্য গ্যালারি ফেন্স। তার সামনে হয়তো তখন বিশ্বকাপের মঞ্চ!


মিডফিল্ডার হয়েও গোল স্কোরিং এ্যাবিলিটি দারুণ। ড্রিবলিং, পাসিং, শুটিং, ফিনিশিং, ট্যাকলিং, গেম এওয়ারনেসে মুগ্ধতা ছড়ালেও বল কন্ট্রোলিংয়ে দুর্বলতা আছে মোরসালিনের। দৌড়ের গতিও বাড়াতে হবে। এসব নিয়ে কাজ করতে পারলে ১৯ বছর বয়সীর পক্ষে আরও অসাধারণ কিছু অর্জন সম্ভব।


আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশে পক্ষে সর্বোচ্চ গোল আশরাফউদ্দিন আহমেদ চুন্নুর (১৭ গোল)। শেখ মো. আসলাম দেশের হয়ে আরও বেশি গোল করলেও স্বীকৃত ম্যাচে কম। শেখ মোরসালিন একদা বলেছিলেন, তিনি বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হতে চান। তার পক্ষে কি তা সম্ভব?


শুধু প্রয়োজন খেলাটার প্রতি পূর্ণ মনোযোগ ও নিবেদনের ছাতা মেলা। শুধু প্রয়োজন নিজের শক্তি ও দুর্বলতা নিয়ে হরদম কাজ করা। তাহলেই হয়তো সম্ভব। কারণ, সময় ও বয়সটা যে মোরসালিনের পক্ষেই।


  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ