জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে অনিয়মের অভিযোগে পৃথক দুটি ঘটনা ঘটেছে। ভোটকেন্দ্রে প্রবেশের চেষ্টাকালে এক নারীকে আটক করেছে পুলিশ। পাশাপাশি ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে এক যুবককে মারধর করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এসব ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আটক ওই নারী ভোটার, প্রার্থী কিংবা এজেন্ট ছিলেন না। তাৎক্ষণিকভাবে আটক নারী ও মারধরের শিকার যুবকের পরিচয় জানা যায়নি।
উল্লেখ্য, একাধিক দফা স্থগিতের পর অবশেষে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জবি কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন। পূর্বঘোষণা অনুযায়ী সকাল সাড়ে ৮টায় ভোটগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও তা আধা ঘণ্টা বিলম্বে সকাল ৯টায় শুরু হয়।
বিরতিহীনভাবে বিকাল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোর সামনে ভোটারদের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে।
এবারের জকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি এবং হল সংসদের জন্য একটি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। প্রতি ১০০ জন শিক্ষার্থীর জন্য একটি করে ভোটগ্রহণ বুথ স্থাপন করা হয়েছে।
ভোটগ্রহণ শেষে ছয়টি ডিজিটাল ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হবে।
নির্বাচনে অংশ নেওয়া উল্লেখযোগ্য প্যানেলগুলোর মধ্যে রয়েছে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’, ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’, ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ এবং বামপন্থী মওলানা ভাসানী ব্রিগেড। এছাড়াও একটি আংশিক প্যানেল ও একাধিক স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন