ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির সতর্ক করে বলেছেন, সেনাবাহিনীতে চলমান সৈন্যসংকট দ্রুত সমাধান না হলে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে ইসরায়েল। বুধবার (১ এপ্রিল) আইনপ্রণেতাদের উদ্দেশে পাঠানো এক চিঠিতে তিনি জানান, আগামী বছরের জানুয়ারির মধ্যে আইডিএফ কয়েক হাজার সৈন্যের ঘাটতির মুখে পড়তে পারে। এই পরিস্থিতি মোকাবিলায় বাধ্যতামূলক সামরিক সেবার মেয়াদ বাড়ানো, সংরক্ষিত বাহিনীর সংস্কার এবং নতুন নিয়োগ আইন দ্রুত প্রণয়নের আহ্বান জানান তিনি।
সেনাপ্রধানের মতে, বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে শক্তিশালী সেনাবাহিনী বজায় রাখা ছাড়া বিকল্প নেই। তিনি সতর্ক করে বলেন, সৈন্যসংকট চলতে থাকলে সম্মুখসারির ইউনিটসহ যুদ্ধ সহায়তা ব্যবস্থায় বড় ধরনের ঘাটতি তৈরি হবে, যার চাপ পড়বে রিজার্ভ সদস্যদের ওপর। আইডিএফ প্রধান আরও জানান, আগামী বছরে কার্যকর হতে যাওয়া নীতিগত পরিবর্তনের কারণে সেনাবাহিনীতে বড় শূন্যতা তৈরি হতে পারে। বর্তমানে বাধ্যতামূলক সেবার মেয়াদ বাড়ানোর দাবি জানানো হলেও সরকার এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।
এদিকে কট্টর অর্থোডক্স ইহুদি সম্প্রদায়কে সামরিক সেবা থেকে ছাড় দেওয়ার পরিকল্পনা নিয়েও বিতর্ক চলছে, যা সেনাবাহিনীর ভেতরে এবং সাধারণ জনগণের মধ্যে অসন্তোষ তৈরি করেছে। প্রায় ১২ হাজার নতুন সৈন্যের জরুরি প্রয়োজনের কথা উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘমেয়াদি সংঘাতের কারণে নিয়মিত ও সংরক্ষিত বাহিনী উভয়ই চাপে রয়েছে।
সব মিলিয়ে দ্রুত সংস্কার না হলে ইসরায়েলের প্রতিরক্ষা কাঠামো বড় ধরনের সংকটে পড়তে পারে বলে সতর্ক করেছেন সেনাপ্রধান।
সূত্র: টাইমস অব ইসরায়েল
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন