বলিউডে ফের আলোচনায় এসেছে ‘কাস্টিং কাউচ’ বিতর্ক। এবার নিজের ক্যারিয়ারের শুরুর দিকের এক তিক্ত অভিজ্ঞতা প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মাদালসা শর্মা। সম্প্রতি একটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, মাত্র ১৯ বছর বয়সে এক পরিচিত চলচ্চিত্র পরিচালকের কাছ থেকে তিনি অস্বস্তিকর ও আপত্তিকর প্রস্তাবের মুখোমুখি হয়েছিলেন।
মাদালসার ভাষ্যমতে, শুরুতে তিনি বিষয়টিকে পেশাদার মিটিং মনে করলেও পরে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়। পরিচালক তার কাছে জানতে চান, তিনি বিকিনি পরতে স্বাচ্ছন্দ্যবোধ করেন কি না। পরে তিনি আরও অস্বস্তিকরভাবে অভিনেত্রীকে সরাসরি তার সামনে বিকিনি পরার প্রস্তাব দেন, যা তিনি ‘শারীরিক ভাষা’ বোঝার জন্য প্রয়োজন বলে দাবি করেন।
অভিনেত্রী জানান, তিনি স্পষ্টভাবে জানান যে কোনো চরিত্রের প্রয়োজনে ক্যামেরার সামনে পোশাক পরতে তার আপত্তি নেই, তবে ব্যক্তিগতভাবে কাউকে তা দেখানো তিনি মানবেন না। মাদালসা বলেন, “আপনি যদি আমার কাজের ভিত্তিতে সুযোগ দেন, দিন। না হলে আমি জানি দরজা কোন দিকে।” এরপর তিনি মিটিং ছেড়ে চলে আসেন বলে জানান।
সাক্ষাৎকারে তিনি আরও উল্লেখ করেন, পরে তিনি জানতে পারেন ওই চরিত্রটি অন্য এক অভিনেত্রী পেয়েছিলেন এবং সেই সময় পরিচালক ও তার মধ্যে ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়েছিল বলে নানা গুঞ্জন ছড়িয়েছিল।
উল্লেখ্য, টেলিভিশন ধারাবাহিক ‘অনুপমা’-তে ‘কাব্য’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান মাদালসা শর্মা।
সূত্র: দ্য মেল ফেমিনিস্ট পডকাস্ট
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন