যাদের কারণে দেশের অর্থনীতি আজ খাদের কিনারায়, নতুন আইনের মাধ্যমে তাদেরই আবার ব্যাংকের মালিকানা ফিরিয়ে দেওয়ার আয়োজন চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। শুক্রবার (১ মে) বিকেলে মহান মে দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সমাবেশের আয়োজন করে এনসিপির শ্রমিক সংগঠন ‘জাতীয় শ্রমিক শক্তি’।
আখতার হোসেন বলেন, বিরোধী দলের আপত্তি সত্ত্বেও ‘ব্যাংক রেজোল্যুশন আইন’ এমনভাবে পাস করা হয়েছে, যাতে অতীতে ব্যাংক লুটপাটে জড়িতরা আবারও মালিকানা ফিরে পেতে পারে। তিনি দাবি করেন, এটি দেশের অর্থনীতিকে আরও ঝুঁকির মুখে ফেলবে এবং সাধারণ আমানতকারীদের স্বার্থ ক্ষতিগ্রস্ত করবে। সমাবেশে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ বলেন, শ্রমজীবী মানুষের প্রতিনিধিত্ব এখন সংসদে রয়েছে, তবে ক্ষমতায় গেলে রাজনৈতিক দলগুলো সাধারণত শ্রমিকদের পাশে থাকে না।
তিনি বলেন, ছাত্র-শ্রমিক-কৃষকের সমর্থনে ক্ষমতায় গেলেও পরবর্তীতে পুঁজিপতিদের ওপর নির্ভরশীল হয়ে পড়ে রাজনৈতিক নেতৃত্ব। সমাবেশে শ্রমিক শক্তির সদস্যসচিব রিয়াজ মোর্শেদ একটি কৌশলপত্র উপস্থাপন করেন, যেখানে শ্রমিকদের জন্য ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি, লাভের অংশীদারিত্ব, সংসদে শ্রমিক প্রতিনিধিত্ব এবং চাকরির নিরাপত্তার দাবি তুলে ধরা হয়।
এছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ, ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করা এবং নারী শ্রমিকদের জন্য মাতৃত্বকালীন ছুটি বৃদ্ধির দাবিও জানানো হয়। সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক শক্তির আহ্বায়ক মাজহারুল ইসলাম ফকির। এনসিপি ও সহযোগী সংগঠনের নেতারা এতে উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন