ঢাকা | |

বাজেট থেকে আংশিক বাস্তবায়ন হতে পারে নতুন বেতনকাঠামো

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন বেতন কাঠামো বা পে-স্কেল আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করেছে
  • আপলোড সময় : ৫ মে ২০২৬, সকাল ৯:৪২ সময়
  • আপডেট সময় : ৫ মে ২০২৬, সকাল ৯:৪২ সময়
বাজেট থেকে আংশিক বাস্তবায়ন হতে পারে নতুন বেতনকাঠামো

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন বেতন কাঠামো বা পে-স্কেল আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করেছে সরকার। এর অংশ হিসেবে নতুন বাজেটে বেতন-ভাতা ও পেনশন খাতে প্রায় ৩৫ হাজার কোটি টাকা অতিরিক্ত বরাদ্দের প্রস্তুতি চলছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন কাঠামোর আংশিক বাস্তবায়ন শুরু হতে পারে অর্থবছরের প্রথম দিন ১ জুলাই থেকেই। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রথম বছরে মূল বেতনের ৫০ শতাংশ কার্যকর করা হতে পারে। পরবর্তী ২০২৭-২৮ অর্থবছরে বাকি ৫০ শতাংশ এবং ২০২৮-২৯ অর্থবছরে ভাতাগুলো পুরোপুরি অন্তর্ভুক্ত করার প্রস্তাব রয়েছে।


সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন ২৩ সদস্যের কমিশন গত ২১ জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে বেতন ও ভাতা বৃদ্ধির সুপারিশ জমা দেয়। পরে সরকার পরিবর্তনের পর মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়, যারা সম্প্রতি তাদের মতামত জমা দিয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই কমিটি আর্থিক চাপ বিবেচনায় রেখে নবম পে-স্কেল একাধিক ধাপে বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে। একই সঙ্গে বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী ধাপে ধাপে বাস্তবায়নের পথই গ্রহণযোগ্য বলে মত দেওয়া হয়েছে। নতুন প্রস্তাবে সরকারি কর্মচারীদের জন্য স্বাস্থ্য বিমা চালু, পেনশন ব্যবস্থার সংস্কার, কল্যাণ বোর্ড পুনর্গঠন এবং বেতন গ্রেড পুনর্বিন্যাসের মতো বিষয়ও রয়েছে। পাশাপাশি সরকারি দপ্তরে ভাতা কাঠামো পর্যালোচনার সুপারিশ করা হয়েছে।


কমিশনের প্রস্তাবে বলা হয়েছে, প্রতিবন্ধী সন্তান থাকলে সরকারি কর্মচারীদের মাসিক ২ হাজার টাকা ভাতা দেওয়া যেতে পারে। এছাড়া ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের টিফিন ভাতা ২০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে। বৈশাখী ভাতা ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার পাশাপাশি পেনশন কাঠামোতেও বড় পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। প্রস্তাবে বলা হয়, মাসে ২০ হাজার টাকার কম পেনশনভোগীদের ক্ষেত্রে ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি, ২০–৪০ হাজার টাকার মধ্যে ৭৫ শতাংশ এবং ৪০ হাজার টাকার বেশি পেনশনভোগীদের ৫৫ শতাংশ বৃদ্ধির সুপারিশ রয়েছে।


অর্থনীতিবিদদের মতে, ধাপে ধাপে বাস্তবায়নের ফলে একদিকে যেমন বাজেটের ওপর চাপ নিয়ন্ত্রণে থাকবে, অন্যদিকে কর্মচারীদের বেতন কাঠামোও সময়ের সঙ্গে উন্নত হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল