রাঙ্গামাটির কাপ্তাই এলাকায় কুকুরের আক্রমণে একটি মায়া হরিণের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন লোকালয়ে। রোববার (১০ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক জামাল উদ্দিন। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হরিণটি খাবার খেতে লোকালয়ে প্রবেশ করলে কুকুরের একটি দল সেটিকে আক্রমণ করে। এতে হরিণটির শরীরের পেছনের অংশে মারাত্মক ক্ষত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ) কাপ্তাই শাখার সভাপতি বেলাল হোসেন বলেন, সকালে কুকুরের চিৎকার শুনে তারা ঘটনাস্থলে গিয়ে হরিণটিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে বন বিভাগকে খবর দেওয়া হয়। তিনি আরও জানান, বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে এসে মৃত হরিণটি উদ্ধার করে কর্ণফুলী রেঞ্জে নিয়ে যায়।
পরবর্তীতে কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. এনামুল হক হাজারী জানান, ভেটেরিনারি টিম ঘটনাস্থলে গিয়ে ময়নাতদন্ত সম্পন্ন করে নিশ্চিত করেছে যে কুকুরের আক্রমণেই হরিণটির মৃত্যু হয়েছে। পরে নিয়ম অনুযায়ী মৃত হরিণটি মাটিতে দাফন করা হয়। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন