চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নোঙর করা থাইল্যান্ডের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে দুই থাই নাবিকের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় এক নাবিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ মে) দুপুরে ‘এমভি কেপিপি-০১’ নামের জাহাজে এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত অবস্থায় এক নাবিককে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নাবিকের নাম রাফিফং ক্লাহান (৩০)। তিনি জাহাজটিতে অয়েলার পদে কর্মরত ছিলেন।
বন্দর ও স্থানীয় সূত্র জানায়, জাহাজটি পুরোনো লোহা (স্ক্র্যাপ) হিসেবে ভাঙার জন্য চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারি উপকূলে আনা হয়েছিল। ঘটনার দিন জাহাজে দায়িত্ব পালনের সময় দুই নাবিকের মধ্যে কোনো বিষয় নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা মারাত্মক সংঘর্ষে রূপ নেয় এবং রান্নার কাজে ব্যবহৃত ছুরি দিয়ে রাফিফং ক্লাহানের ওপর আঘাত করা হয়। এতে তিনি গুরুতর রক্তাক্ত হন।
পরবর্তীতে জাহাজের শিপিং এজেন্ট আহত নাবিককে দ্রুত চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পরপরই পতেঙ্গা ও আনোয়ারা থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত অপর থাই নাবিক তুরাকর্ণ বুরুসিকে আটক করে। পরে তাকে আনোয়ারা থানায় নিয়ে যাওয়া হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (জুবায়ের চৌধুরী) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত নাবিকের বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া গেছে এবং অভিযুক্তকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন