বিশ্বকাপ শুরুর আর মাত্র কয়েকদিন বাকি। ঠিক এমন সময় ব্রাজিল শিবিরে সবচেয়ে বড় আলোচনার নাম—নেইমার। সেলেসাওদের এই তারকা ফরোয়ার্ডকে ঘিরে উদ্বেগ যেন কাটছেই না। নতুন করে চোটের কারণে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তার খেলা এখন বড় প্রশ্নের মুখে। আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ব্রাজিল। কিন্তু সেই ম্যাচে নেইমারকে মাঠে দেখা যাবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। কারণ তার বাম পায়ের কাফ মাসলে গ্রেড-২ ইনজুরি ধরা পড়েছে।
এই চোটের অবস্থা আরও ভালোভাবে মূল্যায়নের জন্য আগামী সোমবার যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে নেইমারের এমআরআই স্ক্যান করা হবে। সেই রিপোর্টের ওপর অনেকটাই নির্ভর করছে তার বিশ্বকাপ যাত্রার পরবর্তী সিদ্ধান্ত। চোটের কারণেই তিনি মিশরের বিপক্ষে ব্রাজিলের প্রস্তুতি ম্যাচেও খেলতে পারছেন না। ফলে বিশ্বকাপের আগে ম্যাচ ফিটনেস ফিরে পাওয়ার সুযোগও সীমিত হয়ে গেছে এই তারকা ফুটবলারের।
ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি বিষয়টি নিয়ে সতর্ক আশাবাদী। তিনি জানিয়েছেন, নেইমারের শারীরিক অবস্থা এখনও পুরোপুরি পরিষ্কার নয়। তবে নেইমার ব্যক্তিগতভাবে অনুশীলন চালিয়ে যাচ্ছেন এবং পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী সপ্তাহে দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরতে পারেন। তবে বাস্তবতা বলছে, ইনজুরির প্রায় ১৯ দিন পার হয়ে গেলেও মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে নেইমারের মাঠে নামার সম্ভাবনা খুবই কম। বর্তমানে তিনি মূলত জিমে পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং সীমিত পরিসরে হালকা মাঠ অনুশীলন করছেন।
এদিকে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন বা সিবিএফ জানিয়েছে, নেইমারের রিহ্যাব প্রক্রিয়া ধাপে ধাপে এগোচ্ছে। তাদের প্রধান লক্ষ্য হলো টুর্নামেন্টের মাঝামাঝি সময়ে হলেও তাকে পুরোপুরি ম্যাচ ফিট করে দলে ফেরানো। ব্রাজিল সমর্থকদের জন্য অবশ্য নেইমারের গুরুত্ব নতুন করে বলার কিছু নেই। দীর্ঘদিন ধরে জাতীয় দলের আক্রমণভাগের প্রধান ভরসা তিনি। তার উপস্থিতি শুধু গোলের সম্ভাবনাই বাড়ায় না, পুরো দলের আত্মবিশ্বাসও বাড়িয়ে দেয়।
এবারের বিশ্বকাপ নেইমারের ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ। এর আগে ২০১৪, ২০১৮ এবং ২০২২ সালের বিশ্বকাপে অংশ নিয়ে তিনি করেছেন মোট ৮টি গোল। তবে এখনও বিশ্বকাপ ট্রফি জয়ের স্বপ্ন পূরণ হয়নি তার। তাই অনেকেই মনে করছেন, ক্যারিয়ারের এই গুরুত্বপূর্ণ অধ্যায়ে নেইমারের জন্য এবারের বিশ্বকাপ হতে পারে শেষ বড় সুযোগ। আর সেই কারণেই তার চোটের খবর শুধু ব্রাজিল নয়, বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যেও উদ্বেগ তৈরি করেছে। এখন সব নজর সোমবারের এমআরআই রিপোর্টের দিকে। কারণ সেই রিপোর্টই বলে দেবে—বিশ্বকাপের শুরুতেই মাঠে দেখা যাবে কি না ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমারকে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন