বল দখল ও একের পর এক আক্রমণে আধিপত্য দেখালেও ইরানের দৃঢ় রক্ষণভাগ ভাঙতে পারেনি বেলজিয়াম। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল। সোমবার (২২ জুন) লস অ্যাঞ্জেলসে বিশ্বকাপের ‘জি’ গ্রুপের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বেলজিয়াম। কেভিন ডি ব্রুইনা, রোমেলু লুকাকু ও লিয়ান্দ্রো ত্রোসার্ডদের একের পর এক আক্রমণ সামলেও ইরানের গোলরক্ষক আলীরেজা বেইরানভান্দ ছিলেন দুর্ভেদ্য। তিনি একাই একাধিক গুরুত্বপূর্ণ সেভ করেন।
ম্যাচে বেলজিয়াম মোট ২৩টি শট নেয়, যার মধ্যে ৭টি ছিল লক্ষ্যে। তবে কোনো শটই জালে প্রবেশ করতে পারেনি। অন্যদিকে ইরানও দ্রুত কাউন্টার অ্যাটাকে কয়েকটি সুযোগ তৈরি করে। প্রথমার্ধে ২৫তম মিনিটে ইরান একটি গোল করলেও ভিএআর পর্যালোচনায় সেটি অফসাইড হিসেবে বাতিল হয়। ফলে সমতায় থেকেই বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৬ মিনিটে লাল কার্ড দেখে ১০ জনের দলে পরিণত হয় বেলজিয়াম। তবে সংখ্যাগত সুবিধা পেয়েও ইরান শেষ পর্যন্ত গোল আদায় করতে পারেনি। সব মিলিয়ে আক্রমণ-প্রতিআক্রমণে জমজমাট ম্যাচ হলেও শেষ হাসি কেউই হাসতে পারেনি। দুই দলই পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন