রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বিক্রির কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জাতীয় সংসদে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, দেশের মোবাইল বাজারে প্রতিযোগিতা বজায় রাখতে টেলিটককে সরকারের নিয়ন্ত্রণেই রাখা হবে এবং প্রতিষ্ঠানটির নেটওয়ার্ক ও সেবার মান উন্নয়নে বিদেশি অর্থায়ন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী বলেন, টেলিটক না থাকলে বেসরকারি মোবাইল অপারেটরগুলো ইচ্ছেমতো সেবার মূল্য বাড়ানোর সুযোগ পেতে পারে। তাই গ্রাহকের স্বার্থে রাষ্ট্রীয় এই অপারেটরকে আরও শক্তিশালী করা প্রয়োজন।
তিনি জানান, টেলিটকের সেবা সম্প্রসারণের জন্য নতুন টাওয়ার স্থাপন জরুরি। এ লক্ষ্যে প্রয়োজনীয় অর্থ সংগ্রহে বিদেশি উৎস থেকে বিনিয়োগ আনার চেষ্টা চলছে। ইন্টারনেট প্যাকেজের অব্যবহৃত ডেটা মেয়াদ শেষে বাতিল হয়ে যাওয়ার বিষয়ে সরকারও গুরুত্ব দিচ্ছে বলে জানান মন্ত্রী। এ নিয়ে নিয়ন্ত্রক সংস্থা ও মোবাইল অপারেটরদের সঙ্গে একাধিক দফা আলোচনা হয়েছে। একই সঙ্গে কলড্রপ সমস্যা সমাধানেও সরকার অপারেটরদের ওপর চাপ অব্যাহত রাখবে বলে তিনি উল্লেখ করেন।
টেলিযোগাযোগ নীতিমালা প্রণয়নকে গবেষণা হিসেবে দেখিয়ে অতিরিক্ত সম্মানী দেওয়ার অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ডাক বিভাগের অবকাঠামো প্রসঙ্গে তিনি জানান, সারা দেশে ৯ হাজারের বেশি ডাকঘরের অধিকাংশই জরাজীর্ণ। সবগুলো একসঙ্গে সংস্কার সম্ভব না হওয়ায় ধাপে ধাপে সংস্কার কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এ ছাড়া ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্পের আওতায় দেশজুড়ে এক লাখের বেশি ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ দেওয়ার কাজ চলছে। ইতোমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ, স্কুল, মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক, ভূমি অফিস ও জেলা আদালতসহ প্রায় ৫৭ হাজার প্রতিষ্ঠানে ইন্টারনেট সংযোগ দেওয়া হয়েছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন