তীব্র তাপপ্রবাহের প্রভাবে ইউরোপের বিভিন্ন দেশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় স্পেনের ইতিহাসে প্রথমবারের মতো দাবানলকে কেন্দ্র করে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। একই সময়ে ফ্রান্সও নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া আগুন মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়নের জরুরি সহায়তা চেয়েছে। ফ্রান্সের আটলান্টিক উপকূলবর্তী পর্যটন এলাকা ক্যাপ ফেরে উপদ্বীপে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় ব্যাপক উদ্ধার অভিযান চালানো হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশে এখন পর্যন্ত অন্তত ৬৩ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। অনেককে নৌপথে উদ্ধার করা হয়েছে।
ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরের সবচেয়ে ভয়াবহ দাবানলে ইতোমধ্যে ১০ হাজার হেক্টরের বেশি বনভূমি পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৮০টি ঘরবাড়ি, যার মধ্যে অন্তত ৫০টি সম্পূর্ণ ধ্বংস হয়েছে। আগুনের কারণে উপদ্বীপের প্রধান সড়কও ঝুঁকির মুখে পড়েছে। অন্যদিকে স্পেনে রাজধানী মাদ্রিদের পশ্চিমাঞ্চলের পাহাড়ি এলাকা থেকে ১০ হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। প্রবল বাতাসের কারণে একাধিক দাবানল দ্রুত বিস্তার লাভ করায় অগ্নিনির্বাপণ কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
স্পেনের সরকার জানিয়েছে, ঘনবসতিপূর্ণ এলাকায় দাবানলের ঝুঁকি দ্রুত বেড়ে যাওয়ায় জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটির ইতিহাসে দাবানলের কারণে এ ধরনের সর্বোচ্চ পর্যায়ের জরুরি অবস্থা ঘোষণার ঘটনা এবারই প্রথম। পরিস্থিতি মোকাবিলায় স্পেন ও ফ্রান্স উভয় দেশই ইউরোপীয় ইউনিয়নের অগ্নিনির্বাপণ বিমান ও জরুরি সহায়তা চেয়েছে। দাবানল নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন