সিরিয়ার পূর্বাঞ্চলীয় দিয়ের আল-জোর ও রাজধানী দামেস্কের মধ্যবর্তী মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৪০০ কিলোমিটার দীর্ঘ এই মহাসড়কের আল-সুখনা ও পালমিরার মধ্যবর্তী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, একটি বাসে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্যরা এবং অন্য বাসে সাধারণ যাত্রীরা ছিলেন।
দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু করা হয়। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুলেন্স পাঠানো হয়। গুরুতর আহতদের চিকিৎসার জন্য হেলিকপ্টারের মাধ্যমে হোমসের একটি সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, যে মহাসড়কে দুর্ঘটনাটি ঘটেছে সেটির নিরাপত্তা ব্যবস্থা দীর্ঘদিন ধরেই দুর্বল। টানা প্রায় ১৪ বছরের সংঘাতে দেশটির সড়ক, সেতু ও অন্যান্য বেসামরিক অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার প্রভাব এখনো কাটিয়ে ওঠা সম্ভব হয়নি।
সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছর দেশজুড়ে দুই হাজারের বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ভাষ্য, সড়ক দুর্ঘটনা বর্তমানে সিরিয়ায় প্রাণহানির অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন