ইরান যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ দাবি করার পর এবার তেহরানের কাছেই পাল্টা ক্ষতিপূরণ চাওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এক বক্তব্যে তিনি জানান, ইরানের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্রও ক্ষতিপূরণের দাবি তুলবে। বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ইরানের প্রতিনিধিরা পাঁচ মাসের সামরিক সংঘাতে দেশটির যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য ক্ষতিপূরণ দাবি করছেন। অথচ যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের আলোচনা বা বৈঠকে আগে এমন দাবি তোলা হয়নি বলে মন্তব্য করেন তিনি। এর পাল্টা হিসেবে ট্রাম্পও ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করার কথা জানান। তিনি বলেন, ইরানের বিভিন্ন কর্মকাণ্ডে নিহত ও গুরুতর আহত ব্যক্তিদের জন্য তেহরানকে ক্ষতিপূরণ দিতে হবে। তবে ট্রাম্পের দাবি শুধু সাম্প্রতিক সংঘাতের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। ২০০৩ সালে ইরাকে মার্কিন আগ্রাসনের পর থেকে বিভিন্ন সংঘাতে ইরান-সমর্থিত গোষ্ঠীর হামলায় মার্কিন সেনাদের যে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্যও ক্ষতিপূরণ চাওয়ার কথা জানিয়েছেন তিনি।
ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন যুদ্ধের ক্ষতিপূরণ, নিষেধাজ্ঞা এবং হরমুজ প্রণালি পুনরায় চালু করা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা জটিল হয়ে উঠেছে। ইরান হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে যুদ্ধের ক্ষতিপূরণসহ একাধিক শর্ত দাবি করছে। এর জবাবে ট্রাম্পের পাল্টা ক্ষতিপূরণের দাবি দুই দেশের আলোচনায় নতুন করে উত্তেজনা তৈরি করেছে। বিশেষ করে অতীতের সংঘাতে মার্কিন সেনাদের প্রাণহানির বিষয়টি সামনে এনে তেহরানের কাছ থেকে অর্থ দাবি করার ঘোষণা পরিস্থিতিকে আরও কঠিন করে তুলতে পারে। ফলে যুদ্ধের ক্ষয়ক্ষতির দায় কার, কে কাকে ক্ষতিপূরণ দেবে এবং হরমুজ প্রণালির ভবিষ্যৎ কী হবে—এসব প্রশ্ন এখন যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন