ভারতের গোয়েন্দা সংস্থার প্রধানের বাংলাদেশ সফরকে স্বাভাবিক ও নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে দেখছে সরকার। এ সফর নিয়ে অযথা জল্পনা-কল্পনার প্রয়োজন নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তথ্য উপদেষ্টা জানান, ভারতের গোয়েন্দাপ্রধান চীন থেকে ঢাকায় এসেছেন এবং বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। সফর শেষে প্রয়োজন মনে করলে সরকার এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিতে পারে। তবে এ সফরকে ঘিরে নানা ধরনের সন্দেহ বা জল্পনা তৈরি করার কোনো কারণ নেই। তিনি বলেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ ও সম্পৃক্ততা বজায় রাখতেই হবে। একইভাবে দুই দেশের গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যেও নিয়মিত যোগাযোগ ও আলোচনা থাকা স্বাভাবিক বিষয়।
ডা. জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশের গোয়েন্দাপ্রধানও অতীতে ভারতে সফর করেছেন। তাই ভারতের গোয়েন্দাপ্রধানের বাংলাদেশ সফরকে অস্বাভাবিক হিসেবে দেখার সুযোগ নেই। তবে তিনি স্পষ্ট করে বলেন, অতীতে বাংলাদেশে যেভাবে কোনো ব্যক্তি বা নির্দিষ্ট রাজনৈতিক পক্ষকে কেন্দ্র করে সম্পর্ক গড়ে তোলা হয়েছিল, ভবিষ্যতে সেই ধরনের সম্পর্ক আর গ্রহণযোগ্য হবে না। দুই দেশের সম্পর্ক হতে হবে জনগণ ও রাষ্ট্রের স্বার্থকে ভিত্তি করে।
তিনি বলেন, বাংলাদেশ একটি স্বাধীন, সার্বভৌম ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র। ভারতের নিরাপত্তা নিয়ে তাদের যেমন বক্তব্য থাকতে পারে, বাংলাদেশেরও নিজেদের স্বার্থ ও নিরাপত্তা নিয়ে বক্তব্য থাকবে। এসব বিষয়ে পারস্পরিক আলোচনা হতে পারে, তবে তা হতে হবে দুটি সমমর্যাদার রাষ্ট্রের মধ্যে। তথ্য উপদেষ্টা আরও বলেন, প্রতিবেশী পরিবর্তন করা সম্ভব নয়, তবে বন্ধুত্বের ধরন পরিবর্তন করা যায়। তাই বাংলাদেশের স্বার্থকে সামনে রেখে ভারতের সঙ্গে সম্পর্ক নতুনভাবে বিন্যাসের প্রক্রিয়া অব্যাহত থাকবে। তিনি জানান, বাংলাদেশের বিভিন্ন সংস্থা ও ভারতের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রয়োজনীয় যোগাযোগ থাকবে। তবে এই যোগাযোগে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন