বিছানায় শুয়ে দীর্ঘক্ষণ এপাশ-ওপাশ করছেন, কিন্তু ঘুম আসছে না? অনিদ্রার এই সমস্যা থেকে মুক্তি পেতে দামি কোনো ওষুধ নয়, বরং একজোড়া সাধারণ মোজাই হতে পারে সহজ সমাধান। ঘুমের আগে পা উষ্ণ রাখার এই অভ্যাসের পেছনে রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যাও। বিশেষজ্ঞদের মতে, ঘুমানোর প্রস্তুতির সময় শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা স্বাভাবিকভাবেই কমতে শুরু করে। এ সময় পা উষ্ণ রাখলে হাত-পায়ের রক্তনালি প্রসারিত হয়। ফলে শরীরের অতিরিক্ত তাপ প্রান্তীয় অংশ দিয়ে বাইরে বেরিয়ে যেতে পারে এবং মূল তাপমাত্রা দ্রুত কমতে সাহায্য করে। এতে মস্তিষ্ক ঘুমের জন্য প্রয়োজনীয় সংকেত পেতে পারে।
একটি গবেষণায় বিছানায় মোজা পরে ঘুমানোর প্রভাব পরীক্ষা করা হয়েছিল। ছয়জন তরুণের ওপর পরিচালিত ওই পরীক্ষায় দেখা যায়, মোজা পরলে তারা স্বাভাবিকের তুলনায় গড়ে ৭ দশমিক ৫ মিনিট আগে ঘুমিয়ে পড়েছেন। একই সঙ্গে মোট ঘুমের সময় বেড়েছে প্রায় ৩২ মিনিট এবং রাতে হঠাৎ জেগে ওঠার প্রবণতাও কমেছে।
গবেষণায় আরও দেখা যায়, মোজা ব্যবহারের ফলে ঘুমের সামগ্রিক দক্ষতা প্রায় ৭ দশমিক ৬ শতাংশ উন্নত হয়েছিল। পরীক্ষায় অংশগ্রহণকারীদের পায়ের তাপমাত্রাও গড়ে ১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়েছিল। তবে গবেষণাটি মাত্র ছয়জনের ওপর পরিচালিত হওয়ায় এর ফল সবার ক্ষেত্রে একইভাবে কার্যকর হবে—এমন নিশ্চয়তা নেই। এ বিষয়ে আরও বড় পরিসরে গবেষণা প্রয়োজন।
তবে রাতে যাদের পা ঠান্ডা থাকে বা ঘুমাতে দীর্ঘ সময় লাগে, তারা পরিষ্কার ও আরামদায়ক মোজা পরে ঘুমানোর চেষ্টা করতে পারেন। বিশেষ করে অতিরিক্ত আঁটসাঁট মোজা এড়িয়ে চলাই ভালো। অর্থাৎ, ঘুম না আসলে সবসময় জটিল সমাধানের প্রয়োজন নেই। শরীরকে আরাম দিতে পা উষ্ণ রাখার মতো ছোট একটি অভ্যাসই হয়তো দ্রুত ঘুমিয়ে পড়তে কিছুটা সহায়তা করতে পারে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন