ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আজ দেশনেত্রী খালেদা জিয়ার জন্মদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১ তম মৃত্যুবার্ষিকী আজ ১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে কঠোর নিরাপত্তা, মোতায়েন পাঁচ প্লাটুন বিজিবি সাইবার অভিযান চালাতে বেসরকারি কোম্পানিকে আইনি সুযোগ করে দিলেন ট্রাম্প ‘সম্পর্কে থাকার সময় ওজন কমে যাওয়া এবং বমির মতো সমস্যা দেখা দিয়েছিল' হাজার শয্যায় উন্নীত নিউরো সায়েন্সেস হাসপাতাল বিগত সময়ে দক্ষতা বৃদ্ধির নামে ব্যাপক দুর্নীতি হয়েছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী স্বস্তির সবজির এখন চড়া দাম সরকারি বিভিন্ন পদে দলীয় লোক নিয়োগ করা হচ্ছে: পরওয়ার ইরানের পরমাণু কর্মসূচি নয়, তেলের দাম কমানোই লক্ষ্য: জেডি ভ্যান্স

মেসির হাত ধরে যুক্তরাষ্ট্রের ফুটবলে বিশ্বতারকারা

লিওনেল মেসির যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো যে শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা ছিল না, সেটিই যেন প্রমাণ করছে এবারের এমএলএসের
  • আপলোড সময় : ১৫ আগস্ট ২০২৬, সকাল ৯:৪২ সময়
  • আপডেট সময় : ১৫ আগস্ট ২০২৬, সকাল ৯:৪২ সময়
মেসির হাত ধরে যুক্তরাষ্ট্রের ফুটবলে বিশ্বতারকারা

লিওনেল মেসির যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো যে শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা ছিল না, সেটিই যেন প্রমাণ করছে এবারের এমএলএসের দলবদল। ইউরোপের শীর্ষ ক্লাব ফুটবলে দীর্ঘদিন দাপট দেখানো একের পর এক তারকা এবার ঠিকানা বদলে বেছে নিচ্ছেন যুক্তরাষ্ট্রের ফুটবলকে। দ্বিতীয় দলবদলের সময়সীমা শেষ হতে এখনও কয়েক সপ্তাহ বাকি। এর মধ্যেই এমএলএসে যোগ দিয়েছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী আঁতোয়ান গ্রিজমান, পোল্যান্ডের তারকা রবার্ট লেভানডফস্কি, চিলির অভিজ্ঞ ফরোয়ার্ড আলেক্সিস সানচেজ এবং ব্রাজিলের তারকা মিডফিল্ডার কাসেমিরো। ফলে বিশ্ব ফুটবলের আলো এখন ক্রমেই যুক্তরাষ্ট্রের এই লিগের দিকে ঘুরছে।


সবচেয়ে আলোচিত নামগুলোর একটি গ্রিজমান। ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড ১৩ জুলাই অরল্যান্ডো সিটিতে যোগ দেন। নতুন ক্লাবের হয়ে অভিষেকেই সান হোসে আর্থকোয়েকসের বিপক্ষে ৪-০ গোলের জয়ে গোল করেন তিনি। ওই গোলের মাধ্যমে ক্লাব ফুটবলে নিজের ক্যারিয়ারের ৩০০তম গোলের মাইলফলক স্পর্শ করেন গ্রিজমান। তার কিছুদিন আগেই এমএলএসে যোগ দেন রবার্ট লেভানডফস্কি। ৩৭ বছর বয়সী পোলিশ স্ট্রাইকার বার্সেলোনা ছেড়ে শিকাগো ফায়ারে নাম লেখান। নতুন দলের হয়ে তৃতীয় ম্যাচেই শার্লটের বিপক্ষে জোড়া গোল করে জানান দেন, বয়স বাড়লেও গোল করার দক্ষতায় এখনও ভাটা পড়েনি।


ইউরোপের দীর্ঘ ক্যারিয়ারে নিয়মিত গোলের পর গোল করেছেন লেভানডফস্কি। ২০১৯-২০ মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে ৫৫ গোল করে ঐতিহাসিক ছয়টি শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। বার্সেলোনাতেও শেষ দিকের মৌসুমগুলোতে দুর্দান্ত গোলের রেকর্ড ধরে রেখেছিলেন এই স্ট্রাইকার। এবার এমএলএসে যোগ দেওয়া আরেক বড় নাম আলেক্সিস সানচেজ। বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড ও ইন্টার মিলানের মতো ক্লাবে খেলা চিলির এই তারকা দুই বছরের চুক্তিতে মন্ট্রিয়লে যোগ দিয়েছেন। গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করানোর ক্ষেত্রেও তার দীর্ঘ অভিজ্ঞতা দলটির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।


তবে তারকাদের তালিকায় সবচেয়ে আলোচিত নামগুলোর একটি কাসেমিরো। রিয়াল মাদ্রিদে দীর্ঘ নয় বছরের ক্যারিয়ারে ক্লাব ফুটবলের প্রায় সব বড় শিরোপা জেতা ব্রাজিলিয়ান মিডফিল্ডার এবার যোগ দিয়েছেন ইন্টার মায়ামিতে। সেখানে তিনি মেসির সতীর্থ হিসেবে মাঠে নামবেন। ব্রাজিল জাতীয় দলের হয়েও দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন কাসেমিরো। এবারের বিশ্বকাপেও ব্রাজিলের হয়ে মাঠে নেমেছেন তিনি। ইন্টার মায়ামির মাঝমাঠে তার অভিজ্ঞতা দলটির শক্তি আরও বাড়াবে বলেই প্রত্যাশা করা হচ্ছে।


চলতি দলবদলে শুধু এই চার তারকাই নন, এমএলএসে যোগ দিয়েছেন আরও বেশ কয়েকজন পরিচিত মুখ। লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিতে নাম লিখিয়েছেন মেসির সাবেক বার্সেলোনা সতীর্থ সার্জি রবার্তো। আর কলম্বাস ক্রুতে যোগ দিয়েছেন সাবেক ভিয়ারিয়াল ও ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার এরিক বেইলি। এখন প্রশ্ন উঠছে, এমএলএসের ইতিহাসে এটিই কি সবচেয়ে বড় তারকাসমৃদ্ধ দলবদল? কারণ গত বছরও বায়ার্ন মিউনিখের কিংবদন্তি টমাস মুলার ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসে যোগ দেন। একই সময়ে টটেনহাম ছেড়ে রেকর্ড পারিশ্রমিকে লস অ্যাঞ্জেলেস এফসিতে যান সন হিউং-মিন। চলতি বছরের শুরুতে মিনেসোটা ইউনাইটেডে যোগ দেন হামেস রদ্রিগেজও।


তবে এমএলএসে ইউরোপীয় তারকাদের আগমন নতুন কোনো ঘটনা নয়। ২০১৫ সালে আন্দ্রে পিরলো, ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড, স্টিভেন জেরার্ড, কাকা ও দিদিয়ের দ্রগবার মতো তারকারাও এই লিগে খেলেছেন। কিন্তু ২০২৩ সালে মেসির ইন্টার মায়ামিতে যোগদানের পর এমএলএসের বৈশ্বিক পরিচিতি যেন নতুন মাত্রা পায়। মেসির সঙ্গে সার্জিও বুসকেতস ও জর্দি আলবাও যুক্ত হন। তাদের আগমনের পর মায়ামি ক্লাব ফুটবলে শিরোপার স্বাদ পায় এবং বিশ্বজুড়ে আরও বেশি দর্শকের নজর পড়ে যুক্তরাষ্ট্রের ফুটবলের দিকে।


এবার দলবদলের সময়সীমা শেষ হবে ২ সেপ্টেম্বর। তার আগেই গ্রিজমান, লেভানডফস্কি, সানচেজ ও কাসেমিরোর সঙ্গে আরও কোনো বড় ইউরোপীয় তারকা এমএলএসে নাম লেখান কি না, সেটিই এখন ফুটবলপ্রেমীদের কৌতূহলের বড় বিষয়। একসময় অবসরের কাছাকাছি থাকা তারকাদের গন্তব্য হিসেবে পরিচিত এমএলএস এখন ধীরে ধীরে বিশ্ব ফুটবলের বড় নামদের আকর্ষণ করছে। আর মেসির হাত ধরে শুরু হওয়া সেই পরিবর্তন যে আরও বড় হচ্ছে, এবারের তারকাসমৃদ্ধ দলবদল তারই বড় প্রমাণ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নলডাঙ্গা কি শুধুই জমিদারি—ইতিহাস নতুনভাবে পড়ছেন ইমদাদুল হক সোহাগ

নলডাঙ্গা কি শুধুই জমিদারি—ইতিহাস নতুনভাবে পড়ছেন ইমদাদুল হক সোহাগ