নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে এখনো দেড় হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। শনিবার (২৯ আগস্ট) পর্যন্ত নদীর ভাটি অঞ্চল থেকে একের পর এক মরদেহ উদ্ধারের তথ্য পাওয়া গেছে। নেপাল পুলিশের তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৬১৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে। সবচেয়ে বেশি মরদেহ উদ্ধার হয়েছে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত চিতওয়ান ও পূর্ব নওয়ালপরাসি এলাকা থেকে। এর মধ্যে চিতওয়ানে ২৩৩টি এবং পূর্ব নওয়ালপরাসিতে ১৫৮টি মরদেহ পাওয়া গেছে।
হিমালয় থেকে নেমে আসা ভোটেকোশী ও ত্রিশূলি নদীর প্রবল স্রোতে বহু মানুষ ভেসে যান। পরে গোর্খা, ধাদিং ও নুয়াকোটসহ বিভিন্ন এলাকায় মরদেহ উদ্ধার করা হয়। এমনকি ভেসে যাওয়া কয়েকজনের মরদেহ ভারত সীমান্ত পর্যন্ত পৌঁছেছে বলে জানা গেছে। নেপালের বিভিন্ন এলাকায় এখনো ৬৩৮ জন নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে ৫১১ জন বিদেশি নাগরিক। অন্যদিকে চীনের তিব্বত অংশে সাতজনের মৃত্যু এবং ৫৫৪ জন নিখোঁজ থাকার তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
দুর্যোগের পর থেকে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নেপালি কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত ২ হাজার ৩০১ জনকে উদ্ধার করা হয়েছে অথবা আহত অবস্থায় চিকিৎসা দেওয়া হয়েছে। উদ্ধার হওয়া ও আহতদের বড় একটি অংশ নুয়াকোট ও রসুয়া জেলার বাসিন্দা। ক্ষতিগ্রস্ত কেন্দ্রীয় জেলাগুলোতে বর্তমানে ৪ হাজার ৮১১ জন পুলিশ সদস্য উদ্ধারকাজে নিয়োজিত রয়েছেন। দায়িত্ব পালনের সময় ২৭ জন পুলিশ সদস্যও এখনো নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
এদিকে ভাটি অঞ্চলে একের পর এক মরদেহ উদ্ধার হওয়ায় নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে। উদ্ধার অভিযান জোরদারের পাশাপাশি মরদেহ শনাক্তকরণ ও নিখোঁজদের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছে নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সূত্র: আনাদোলু এজেন্সি
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন