আগামী গ্রীষ্মের আগেই দেশে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি জানিয়েছেন, সৌরবিদ্যুৎ উৎপাদনে উদ্যোক্তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছে সরকার। এর ফলে আগামী গ্রীষ্মের আগেই দেশে অন্তত ৩ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তৈরি হবে বলে আশা করা হচ্ছে। শনিবার (২৯ আগস্ট) দুপুরে যশোর পিটিআই অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে মানসম্মত ও নৈতিক শিক্ষার উন্নয়ন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে প্রধান শিক্ষক, শিক্ষা কর্মকর্তা ও পরিচালনা পর্ষদের সভাপতিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে। সৌদি আরবের মতো তেলসমৃদ্ধ দেশেও জ্বালানির দাম বেড়েছে। একইভাবে যুক্তরাষ্ট্রেও তেল ও গ্যাসের দাম বেড়েছে। তাই বাংলাদেশের মতো একটি দেশে সরকার কতদিন মূল্য সমন্বয় না করে থাকতে পারে—এমন প্রশ্নও তোলেন তিনি। তবে জনগণের বিষয়টি বিবেচনায় নিয়েই সরকার জ্বালানির মূল্য সমন্বয় করছে বলে জানান অনিন্দ্য ইসলাম অমিত। একই সঙ্গে নিজেদের মধ্যে পরিমিতিবোধ তৈরি করার পাশাপাশি শিশুদেরও সম্পদের সঠিক ও পরিমিত ব্যবহার শেখানোর আহ্বান জানান তিনি।
শিক্ষকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক পর্যায় থেকেই শিশুদের নৈতিক শিক্ষার ভিত্তি শক্ত করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা ও মানসম্মত স্যানিটেশন নিশ্চিত করার পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবকদের সঙ্গে নিয়মিত মতবিনিময় করতে হবে। অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হবে না উল্লেখ করে তিনি বলেন, কোনো শিক্ষার্থী আর্থিক সংকটে পড়লে সরকার তার পড়াশোনার দায়িত্ব নেবে।
এ সময় নিজ দলের নেতাকর্মীদেরও সতর্ক করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, দলীয় বা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে প্রভাব বিস্তার কিংবা অরাজকতা সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। এমন ঘটনায় প্রথমে সাংগঠনিক এবং পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন