ভালো আইনজীবী হতে শুধু আইনের বই পড়লেই হবে না, মামলার তথ্য, তদন্তের খুঁটিনাটি ও সাক্ষ্যপ্রমাণ সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। শনিবার আশুলিয়া মডেল টাউনে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের ল’ ক্লাব আয়োজিত ‘দ্য আর্ট অব ক্রস এক্সামিনেশন’ শীর্ষক ফৌজদারি বিচার ও আইনজীবিতা বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চিফ প্রসিকিউটর বলেন, দক্ষ আইনজীবী হতে হলে আইনের বই পড়ার পাশাপাশি যুক্তিবোধ, অনুসন্ধিৎসা, পেশাগত দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে নিজেকে গড়ে তুলতে হবে। একজন ভালো আইনজীবীর জন্য সাক্ষী জেরার কোনো নির্দিষ্ট সূত্র নেই। পরিস্থিতি ও মামলার ধরন বুঝে দক্ষতার সঙ্গে জেরা পরিচালনা করতে হয়। তিনি বলেন, একজন দক্ষ আইনজীবীকে সংশ্লিষ্ট আইনের ওপর গভীর দখল রাখার পাশাপাশি মামলার ঘটনা ও তদন্তের বিষয়েও বিস্তারিত ধারণা রাখতে হবে। তদন্তের বিভিন্ন পর্যায়ে কী ঘটেছে, কোথায় কোনো ভুল হয়েছে এবং সাক্ষ্যপ্রমাণে অসংগতি বা ঘাটতি রয়েছে কি না—এসব বিষয় শনাক্ত করার সক্ষমতা থাকতে হবে।
আইন পেশায় সফল হতে শিক্ষার্থীদের শুধু একাডেমিক পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ না থাকার পরামর্শ দেন আমিনুল ইসলাম। তিনি বলেন, নিয়মিত আদালতে গিয়ে বাস্তব বিচারিক কার্যক্রম পর্যবেক্ষণ করতে হবে। এতে মামলা পরিচালনা, সাক্ষী জেরা এবং আদালতে আইনি যুক্তি উপস্থাপনের বাস্তব অভিজ্ঞতা অর্জন করা সম্ভব হবে। তিনি আরও বলেন, একজন আইনজীবীর সবচেয়ে বড় শক্তি হলো মেধা, যুক্তি, জ্ঞান ও পেশাগত দক্ষতা। এসব গুণ অর্জনের পাশাপাশি নৈতিকতার বিষয়টিও সমানভাবে গুরুত্ব দিতে হবে।
আইন পেশাকে মর্যাদাপূর্ণ পেশা হিসেবে উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, এই পেশার ঐতিহ্য ও সম্মান ধরে রাখতে মেধাবী, দক্ষ, নৈতিক ও দায়িত্বশীল আইনজীবী তৈরি করা জরুরি। ভবিষ্যতের আইনজীবীদের দেশের বিচারব্যবস্থা ও সমাজের কল্যাণে কাজ করার মানসিকতা নিয়ে গড়ে উঠতে হবে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন