ইরানের চলমান অর্থনৈতিক সংকট ও দ্রব্যমূল্যের চাপ মোকাবিলায় দেশে উৎপাদন বাড়ানোর পাশাপাশি ব্যবসা-বাণিজ্যে মার্কিন ডলারের ব্যবহার ধীরে ধীরে কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। বার্ষিক সরকারি সপ্তাহ উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এ আহ্বান জানান। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিভিন্ন বাধা ও নিষেধাজ্ঞার মধ্যেও সাধারণ মানুষের প্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখায় প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকারের প্রশংসা করেন তিনি।
আয়াতুল্লাহ মোজতবা খামেনি বলেন, দেশের অর্থনৈতিক সংকট মোকাবিলায় বিদেশি পণ্যের ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব উৎপাদন সক্ষমতা আরও বাড়াতে হবে। দেশে পর্যাপ্ত উৎপাদন সম্ভব নয়—এমন প্রয়োজনীয় পণ্যই কেবল বিচক্ষণতার সঙ্গে আমদানি করার ওপর জোর দেন তিনি। ইরানের তরুণ ও মেধাবীদের নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশের উন্নয়ন কর্মকাণ্ড আরও দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বানও জানান সর্বোচ্চ নেতা। তাঁর মতে, অর্থনৈতিক চাপ মোকাবিলায় দেশীয় সক্ষমতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
জাতীয় ঐক্যের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে তিনি বলেন, এমন কোনো বক্তব্য দেওয়া উচিত নয়, যা সাধারণ মানুষের মনোবল দুর্বল করে দেয়। ‘যুদ্ধ নাকি আলোচনা’—এ ধরনের বিতর্কের মাধ্যমে সমাজে বিভেদ ও সংঘাত তৈরি করা থেকেও বিরত থাকার আহ্বান জানান তিনি। শিক্ষক, চিকিৎসক এবং সন্তানদের মানুষ করার দায়িত্ব পালনকারী মায়েদের অবদানের প্রশংসা করে আয়াতুল্লাহ মোজতবা খামেনি বলেন, দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করলে যেকোনো ধরনের বিদেশি বাধা মোকাবিলা করা সম্ভব। অর্থাৎ, ইরানের অর্থনৈতিক সংকট মোকাবিলায় দেশীয় উৎপাদন বাড়ানো, আমদানিনির্ভরতা কমানো, ডলারের ব্যবহার ধীরে ধীরে কমিয়ে আনা এবং জাতীয় ঐক্য ধরে রাখার ওপর গুরুত্ব দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন