লিডসের পর লর্ডসেও ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরে সিরিজ খুইয়েছে পাকিস্তান। দ্বিতীয় টেস্টে ১৯৪ রানের পরাজয়ের পরই পাকিস্তান ক্রিকেটে শুরু হয়েছে তীব্র আলোচনা। টানা ব্যর্থতার কারণে এবার খেলোয়াড়দের পাশাপাশি দলের ব্যবস্থাপনা ও কোচিং কাঠামোতেও বড় ধরনের পরিবর্তনের কথা ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। দুই টেস্টে টানা পরাজয়ের পর সিরিজের শেষ ম্যাচের আগে দলে একাধিক নতুন খেলোয়াড় যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি কোচিং স্টাফেও পরিবর্তন আসতে পারে বলে জানা গেছে।
ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার কয়েকজন ক্রিকেটারের ইংল্যান্ডে যাওয়ার কথা রয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর এজবাস্টনে শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট। সেই ম্যাচে দলের বিকল্প বাড়াতেই নতুন খেলোয়াড়দের পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম টেস্টেও বড় ব্যবধানে হেরেছিল পাকিস্তান। তবে দুই ম্যাচের মধ্যবর্তী সময় কম থাকায় তখন বড় কোনো পরিবর্তন করেনি বোর্ড। শুধু একাদশে একটি পরিবর্তন আনা হয়েছিল। ভারপ্রাপ্ত অধিনায়ক সালমান আলী আগার পরিবর্তে অধিনায়ক হিসেবে দলে ফিরেছিলেন বাবর আজম।
কিন্তু লর্ডস টেস্টেও ব্যর্থতার পুনরাবৃত্তি হওয়ায় এবার কঠোর সিদ্ধান্তের পথে হাঁটতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তৃতীয় টেস্টে দলে নতুন মুখের পাশাপাশি কোচিং ব্যবস্থাপনাতেও পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। পাকিস্তানের সীমিত ওভারের দলের কোচ মাইক হেসন বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। তার এই সফর আগে থেকেই নির্ধারিত ছিল এবং লর্ডস টেস্টের ফলাফলের সঙ্গে এর সরাসরি কোনো সম্পর্ক নেই। তবে বর্তমান পরিস্থিতিতে তাকে টেস্ট দলের দায়িত্বেও সাময়িকভাবে যুক্ত করার আলোচনা চলছে।
প্রতিবেদন অনুযায়ী, হেসনের সঙ্গে আরও কয়েকজন সহকারী কোচ ও খেলোয়াড়কে ইংল্যান্ডে পাঠানোর প্রস্তুতি চলছে। ফলে তৃতীয় টেস্টে পাকিস্তানের কোচিং কাঠামোয় বড় ধরনের পরিবর্তন দেখা যেতে পারে। এদিকে টেস্ট দলের প্রধান কোচ সরফরাজ আহমেদ ও বোলিং কোচ উমর গুলের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। মাত্র তিন মাসের কিছু বেশি সময় আগে টেস্ট দলের দায়িত্ব নেওয়া সরফরাজের অধীনে ছয়টি টেস্ট খেলেছে পাকিস্তান। এর মধ্যে পাঁচটিতেই পরাজিত হয়েছে দল। এমন হতাশাজনক ফলাফলের পর তৃতীয় টেস্টের আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বড় ধরনের সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন