হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে প্রতিদিন রাতে প্রায় ৩০টি জাহাজ চলাচল করছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে হরমুজ প্রণালিকে ঘিরে চীন এখনো নিরপেক্ষ অবস্থানে রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। সোমবার ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ট্রাম্প। ইরাকের বার্তাসংস্থা শাফাক নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে হরমুজ প্রণালিতে ইরানের বিরুদ্ধে সীমিত সামরিক অভিযান চালানোর বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে তিনজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, জাহাজে হামলার সক্ষমতা বাড়াতে ইরান যেন পুনরায় রাডার ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা স্থাপন করতে না পারে, সে লক্ষ্যেই সীমিত হামলার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি। প্রতিদিন এই জলপথ দিয়ে বিপুল পরিমাণ তেল ও অন্যান্য পণ্যবাহী জাহাজ চলাচল করে। ফলে প্রণালিকে কেন্দ্র করে সামরিক উত্তেজনা বাড়লে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়তে পারে।
বিশেষ করে এই জলপথে চলাচল বাধাগ্রস্ত হলে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এতে তেলের দাম বাড়ার পাশাপাশি বিভিন্ন দেশের অর্থনীতিতেও চাপ সৃষ্টি হতে পারে। এদিকে একই দিনে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা কর্তৃপক্ষ জানিয়েছে, ভারত মহাসাগরে একটি তেলবাহী ট্যাংকার ও সামরিক বাহিনীর মধ্যে একটি ঘটনার খবর তারা পেয়েছে। তবে ঘটনাটি কীভাবে ঘটেছে বা এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি সংস্থাটি। হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনার মধ্যে জাহাজ চলাচল এবং আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ পরিস্থিতি এখন গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন