তৃতীয় দফায় বাড়ছে পবিত্র হজে যেতে ইচ্ছুকদের জন্য নিবন্ধনের সময়। দ্বিতীয় দফায় ১৮ জানুয়ারি শেষ হওয়ার কথা থাকলে তা আরও বাড়ানো হচ্ছে। তবে কতদিন বাড়বে তা আগামী বুধবার জানা যাবে। তবে নিবন্ধনের সময় বাড়ছে এটা নিশ্চিত করেছে ধর্ম মন্ত্রণালয়।
ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের কর্মকর্তারা বলছেন, নিবন্ধনের সময় আরও এক মাস বাড়তে পারে। তবে দুই দফায় তা বাড়ানো হতে পারে। প্রথম দফায় ১৩ দিন বাড়িয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত করা হতে পারে। পরে আরেক দফা বাড়ানো হবে।
চলতি বছর (২০২৪ সাল) বাংলাদেশ থেকে হজ করতে পারবেন এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় কোটা রয়েছে ১০ হাজার ১৯৮টি। আর বেসরকারি এজেন্সির কোটা এক লাখ ১৭ হাজার। সেই লক্ষ্যে সরকারি ও বেসরকারিভাবে হজে যেতে ইচ্ছুকদের জন্য নিবন্ধন শুরু হয় গত ১৫ নভেম্বর থেকে। প্রথম ও দ্বিতীয় দফা সময় বাড়িয়ে রোববার (১৪ জানুয়ারি) পর্যন্ত নিবন্ধন করেছেন ৩৬ হাজার ৪৩৪ জন। এখনও ফাঁকা রয়েছে ৯০ হাজার ৭৬৪টি।
নিবন্ধনের সাড়া কম হওয়ার কারণ ব্যাখ্যা করে হজ অনুবিভাগের একজন কর্মকর্তা বলেন, গত বছর ফেব্রুয়ারি মাসে নিবন্ধন শুরু হলেও এবার শুরু হয়েছে নভেম্বর মাসে। এ কারণে হজে যেতে ইচ্ছুকদের ধারণা এ নিবন্ধনের সময় বাড়ানো হবে। এছাড়া দেশে নির্বাচন থাকায় নিবন্ধনের সাড়া কম মিলেছে। আশা করছি নির্বাচন শেষ হয়েছে এখন নিবন্ধনের সংখ্যা বাড়তে পারে।
এদিকে পবিত্র হজ প্যাকেজের খরচ কমিয়ে ৪ লাখ টাকা নির্ধারণ করতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) রেজিস্ট্রি ডাকযোগে ধর্ম মন্ত্রণালয়ের সচিব বরাবর এই নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফ-উজ জামান।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৬ জুন (১৪৪৫ হিজরি সনের ৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন