প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ জানিয়েছেন। মঙ্গলবার রাতে দেওয়া এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
শোকবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সালাহউদ্দিন আহমেদ ছিলেন বিএনপির আন্দোলন-সংগ্রামের একজন সাহসী ও নিবেদিতপ্রাণ নেতা। দলের কঠিন সময়ে তিনি সাহস, নিষ্ঠা ও দৃঢ়তার সঙ্গে সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর রাজনৈতিক জীবন এবং দলীয় কর্মকাণ্ড বিএনপির নেতাকর্মীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। প্রধানমন্ত্রী আরও বলেন, দেশ ও দলের প্রতি সালাহউদ্দিন আহমেদের অবদান বিএনপি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর মৃত্যুতে দল একজন নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেতাকে হারিয়েছে, যা দলের জন্য এক অপূরণীয় ক্ষতি।
শোকবার্তায় তারেক রহমান মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন তিনি মরহুমকে ক্ষমা করেন, তাঁর আত্মার মাগফেরাত দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের এই কঠিন শোক কাটিয়ে ওঠার শক্তি ও ধৈর্য দান করেন।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন