শূন্যে উড়তে সক্ষম নতুন মডেলের ‘রোডস্টার’ গাড়ি সামনে এনেছেন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত উদ্যোক্তা ও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। অ্যারোস্পেস কোম্পানি স্পেসএক্সের অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি দুই আসনবিশিষ্ট এই বৈদ্যুতিক স্পোর্টস কারটি সাম্প্রতিক এক প্রদর্শনীতে মাটি ছেড়ে শূন্যে ভেসে থাকা, চক্কর দেওয়া এবং একাধিক যান টপকে নিচে নামার অবিশ্বাস্য সক্ষমতা প্রদর্শন করেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্থানীয় সময় টেক্সাসের ম্যাকগ্রেগরে অবস্থিত স্পেসএক্সের পরীক্ষামূলক কেন্দ্রে গাড়িটির এই বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়। দীর্ঘ প্রায় ৯ বছর পর উন্নত গতি ও অভাবনীয় প্রযুক্তির চমক নিয়ে নতুন রোডস্টার হাজির করলেন মাস্ক। টেসলা কর্তৃপক্ষের দাবি, গাড়িটি সর্বোচ্চ ঘণ্টায় ৩৭০ কিলোমিটারের বেশি গতিবেগে চলতে সক্ষম। এর শক্তিশালী থ্রাস্টার প্রযুক্তির মাধ্যমে স্থির অবস্থা থেকে মাত্র এক সেকেন্ডেরও কম সময়ে গাড়িটি ঘণ্টায় ৯৬ কিলোমিটার গতি লাভ করতে পারে। এছাড়া বিশেষ যান্ত্রিক কৌশলে যানটি শূন্যে উঠে ডিগবাজি দেওয়ার দৃশ্যও দেখিয়েছে।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) গাড়িটির একটি ভিডিও প্রকাশ করেন ইলন মাস্ক। ভিডিওতে দেখা যায়, আকর্ষণীয় সাদা রঙের স্পোর্টস কারটি মাটি থেকে শূন্যে উঠে ভাসছে, ঘুরছে এবং নানা কৌশলে অবস্থান পরিবর্তন করছে। প্রদর্শনীটিকে চোখধাঁধানো করতে দ্রুতগতির কসরতের সাথে লেজার লাইট ও কৃত্রিম ধোঁয়ার ব্যবহার করা হয়। টেসলা জানিয়েছে, গাড়িটিকে শূন্যে ওড়াতে কোল্ড-গ্যাস থ্রাস্টার এবং ফ্যানভিত্তিক বিশেষ ‘সাকশন’ ব্যবস্থা যুক্ত করা হয়েছে। স্পেসএক্সের যৌথ প্রযুক্তিতে বানানো এই থ্রাস্টারগুলো গাড়িকে শূন্যে তুলতে এবং দিক নিয়ন্ত্রণে রাখতে কাজ করে। পাশাপাশি ফ্যানভিত্তিক সাকশন প্রযুক্তি সর্বোচ্চ ২ জি (2G) পর্যন্ত গ্রাভিটেশনাল আকর্ষণ বল তৈরি করতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে ইলন মাস্ক তার বন্ধু উদ্যোক্তা পিটার থিয়েলের একটি আক্ষেপের কথা স্মরণ করে কৌতুক করে বলেন, "আমাদের ভবিষ্যতের জন্য উড়ন্ত গাড়ির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু বাস্তবে আমরা পেয়েছিলাম মাত্র ১৪০ অক্ষরের প্ল্যাটফর্ম।" (২০২২ সালে টুইটার অধিগ্রহণের আগে সেখানে পোস্টের সর্বোচ্চ সীমা ছিল ১৪০ অক্ষর)। সেই কথা টেনে তিনি মুচকি হেসে যোগ করেন, "তবে সেই দিন এখন আর নেই।" টেসলার অফিসিয়াল ওয়েবসাইটে নতুন এই রোডস্টার গাড়িটিকে "পদার্থবিজ্ঞানের প্রচলিত সীমার বাইরে" হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। প্রদর্শনীতে উড়ন্ত কসরত দেখালেও মাস্ক স্পষ্ট করেছেন, গাড়িটি মূলত সাধারণ সড়কে চলার উপযোগী যান হিসেবেই বাণিজ্যিকভাবে বাজারে ছাড়া হবে।
উল্লেখ্য, ২০১৭ সালে দ্বিতীয় প্রজন্মের রোডস্টার ঘোষণার পর থেকেই এটি টেসলার অন্যতম বহুল প্রতীক্ষিত প্রজেক্ট। নতুন প্রোটোটাইপ উন্মোচিত হলেও গাড়িটির বাণিজ্যিক উৎপাদন শুরু হতে ২০২৮ সাল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
স্টাফ রির্পোটার
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন