নওগাঁর মান্দায় অটোরিকশায় মাইক বেঁধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রচার চালানোর অভিযোগে দুই রাজনৈতিক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) মধ্যাহ্নে উপজেলার কাশোপাড়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় প্রচার কাজে ব্যবহৃত ব্যাটারিচালিত অটোরিকশাটিও হেফাজতে নেয় আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—কাশোপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও রাঙ্গামাটিয়া গ্রামের প্রয়াত অব্দুল জলিল প্রামাণিকের ছেলে শহিদুল ইসলাম শহীদ এবং মান্দা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের প্রধান ও নবগ্রাম তালবোনা এলাকার প্রয়াত গামা সরকারের ছেলে আব্দুল জলিল (৫০)।
পুলিশ সুত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার কালিকাপুর ইউনিয়নের এক ফাঁকা মাঠে অটোরিকশায় মাইক লাগিয়ে আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের তথ্য জানিয়ে প্রচারণা চালানো হয়। পরবর্তীতে সেই ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা আলোচনার সৃষ্টি করে। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, একটি চলমান অটোরিকশা থেকে এক যুবক প্রকাশ্যে মাইকে বক্তব্য দিচ্ছেন, যেখানে দাবি করা হয় যে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন। বক্তব্যের শেষে দলমত নির্বিশেষে তাঁকে অভ্যর্থনা জানানোর আহ্বান জানিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরে আসার পরপরই অভিযান চালিয়ে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
স্টাফ রির্পোটার
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন