বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ডিবিসি নিউজের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে। অন্যদিকে, একই প্রতিষ্ঠানের বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষকে মুচলেকায় মুক্তি দেওয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে পরিবারের সদস্যদের জিম্মায় রাজীব ঘোষকে ছেড়ে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান শফিকুল ইসলাম। তিনি জানান, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ২০২৪ সালের ২৬ আগস্ট দায়ের হওয়া ওই মামলায় দণ্ডবিধির ৩০২, ১০৯ ও ৩৪ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইনে তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
এর আগে বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে ডিবিসি নিউজের কার্যালয় থেকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী এবং প্রধান অপরাধ প্রতিবেদক রাজীব ঘোষকে গোয়েন্দা পুলিশের হেফাজতে নেওয়া হয়। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার আকতার হোসেন জানান, একটি সংবাদ প্রচারকে কেন্দ্র করে ডিবিসি কার্যালয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই তাঁদের দুজনকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
উল্লেখ্য, ইকবাল সোবহান চৌধুরী ডিবিসি নিউজের চেয়ারম্যানের পাশাপাশি ইংরেজি দৈনিক ডেইলি অবজারভারের সম্পাদক ও প্রকাশক হিসেবেও দায়িত্ব পালন করছেন। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন