১৩ হাজার ফুটেরও বেশি উচ্চতায় ভারী সামরিক বিমান অবতরণ! দুর্গম পাহাড়ি এলাকায় এমন কঠিন অভিযান সফল করে বিশ্ব রেকর্ড গড়েছে ভারতীয় বিমান বাহিনী। পূর্ব লাদাখের ন্যোমা বিমানঘাঁটিতে আইএল-৭৬এমডি বিমান অবতরণ করিয়ে নতুন ইতিহাস তৈরি করেছে দেশটির বিমান বাহিনী। ভারতীয় বিমান বাহিনীর দাবি, সমুদ্রপৃষ্ঠ থেকে ১৩ হাজার ৬২৯ ফুট উচ্চতায় অবতরণটি বিশ্বের যেকোনো স্থানে এই মডেলের বিমানের সর্বোচ্চ উচ্চতায় অবতরণের রেকর্ড। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ অর্জনের কথা জানায় সংস্থাটি।
প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছাকাছি অবস্থিত ন্যোমা বিমানঘাঁটি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্গম এই অঞ্চলে সেনাসদস্য, সামরিক সরঞ্জাম এবং প্রয়োজনীয় রসদ পৌঁছে দিতে ঘাঁটিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে সেখানে ভারী পরিবহন বিমানের সফল অবতরণ ভারতের সামরিক সক্ষমতার ক্ষেত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ। তবে এত বেশি উচ্চতায় ভারী বিমান অবতরণ করা মোটেও সহজ নয়। উঁচু পাহাড়ি এলাকায় বাতাসের ঘনত্ব কম থাকায় বিমানের ইঞ্জিনের কার্যক্ষমতা, উড্ডয়নের জন্য প্রয়োজনীয় উত্তোলনক্ষমতা এবং অবতরণের পরিস্থিতি বদলে যায়। এ কারণে পুরো অভিযান পরিচালনায় প্রয়োজন হয় অত্যন্ত সতর্ক পরিকল্পনা, নিখুঁত নিয়ন্ত্রণ এবং অভিজ্ঞ উড়ানকর্মীদের দক্ষতা।
ভারতীয় বিমান বাহিনী জানিয়েছে, এই সফল অবতরণ তাদের ক্রুদের অসাধারণ দক্ষতা, নির্ভুলতা ও পেশাদারির প্রমাণ। একই সঙ্গে বিশ্বের সবচেয়ে চ্যালেঞ্জিং বিমান চলাচল পরিবেশেও আইএল-৭৬এমডি বিমান পরিচালনার সক্ষমতা তুলে ধরেছে এই অভিযান। রুশ বংশোদ্ভূত চার ইঞ্জিনের আইএল-৭৬এমডি একটি ভারী পরিবহন বিমান। কয়েক দশক ধরে ভারতীয় বিমান বাহিনীর বহরে ব্যবহৃত হয়ে আসছে এটি। দীর্ঘ দূরত্বে সেনাসদস্য, ভারী সরঞ্জাম, যানবাহন এবং প্রয়োজনীয় সামরিক রসদ পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিমানটি। ন্যোমায় এই অবতরণের মধ্য দিয়ে শুধু একটি বিশ্ব রেকর্ডই নয়, দুর্গম সীমান্ত এলাকায় দ্রুত সামরিক পরিবহন পরিচালনার সক্ষমতাও নতুন করে তুলে ধরল ভারতীয় বিমান বাহিনী।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন