রিয়াদের অভিজাত কিং আব্দুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে ব্যালিস্টিক মিসাইল হামলার অভিযোগ উঠেছে। ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা এই হামলা চালিয়েছে বলে জানা গেছে। হামলার লক্ষ্যবস্তু এলাকার অন্যতম বহুতল ভবন আরামকো টাওয়ারে মিসাইল আঘাত হেনেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
রোববার ৮ নভেম্বর সকালে এ হামলার ঘটনা ঘটে। আন্তর্জাতিক বার্তাসংস্থা এএফপিকে দুই প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, কিং আব্দুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের আরামকো টাওয়ারের বহুতল ভবনে মিসাইল হামলার স্পষ্ট ক্ষয়ক্ষতির চিহ্ন তারা দেখতে পেয়েছেন। তাঁদের একজনের দাবি, সুনির্দিষ্টভাবে আরামকো টাওয়ারকে লক্ষ্য করেই মিসাইলটি ছোড়া হয়েছিল।
এদিকে রয়টার্স জানিয়েছে, রিয়াদে সম্ভাব্য হামলার সতর্কতামূলক সাইরেন বাজার কিছুক্ষণ পরই রাজধানীজুড়ে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হুথিদের ছোড়া মিসাইল প্রতিহত করতে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ায় এসব বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামলার পর পরিস্থিতি নিয়ে সৌদি কর্তৃপক্ষ এখনো আরামকো টাওয়ারে সরাসরি মিসাইল আঘাতের ক্ষয়ক্ষতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। তবে রিয়াদ দাবি করেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হুথিদের ছোড়া ব্যালিস্টিক মিসাইল আকাশেই প্রতিহত করেছে।
এর আগে রোববার সকালে সৌদি আরবের পূর্বাঞ্চলে সম্ভাব্য হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। এর প্রায় দুই ঘণ্টা পর একই ধরনের সতর্কতা জারি করা হয় রাজধানী রিয়াদেও। দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেয়। প্রত্যক্ষদর্শীদের দেওয়া আরামকো টাওয়ারে হামলার বিবরণ এবং সৌদি কর্তৃপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে মিসাইল প্রতিহতের দাবির মধ্যে এখনো কিছুটা পার্থক্য রয়েছে। ফলে হামলায় প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ এবং মিসাইলটি শেষ পর্যন্ত কোথায় আঘাত করেছে, তা নিয়ে আরও তথ্যের অপেক্ষা রয়েছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন