রাজধানীর ব্যস্ত সড়কে চলন্ত গাড়ির খোলা জানালা দিয়ে ছোঁ মেরে সাবেক অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে এক ছিনতাইকারী। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধানমন্ডি সংলগ্ন শুক্রাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি সতর্কতামূলক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেন আসিফ নজরুল। তিনি জানান, গাড়ির জানালা খোলা থাকার সুযোগে এক তরুণ মাত্র এক সেকেন্ডের মধ্যে তাঁর হাত থেকে মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ফোনটি ছিনতাই হওয়ার পর পরিচিত ও শুভাকাঙ্ক্ষীদের সতর্ক করে তিনি বলেন, ছিনতাই হওয়া ফোনটি উদ্ধারের চেষ্টা চলছে। এর মধ্যে তাঁর ফোন নম্বর থেকে কিংবা অন্য কোনো মাধ্যমে কেউ টাকা চাইলে, হুমকি দিলে বা সন্দেহজনক বার্তা পাঠালে তা এড়িয়ে যাওয়ার অনুরোধ জানান তিনি। ঘটনার বিস্তারিত জানিয়ে আসিফ নজরুল বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর এলাকা থেকে মিরপুর সড়ক হয়ে নিউমার্কেটের দিকে যাচ্ছিলেন তিনি। তীব্র যানজটের কারণে গাড়ি ধীরগতিতে চলছিল। গরম লাগায় জানালার কাচ নামিয়ে রেখেছিলেন। এ সময় গাড়ির ভেতরে বসে মোবাইল ফোনে খুদে বার্তা দেখছিলেন তিনি।
গাড়িটি শুক্রাবাদে পুরোনো ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি পৌঁছালে নীল রঙের টি-শার্ট পরা এক তরুণ হঠাৎ জানালা দিয়ে হাত বাড়িয়ে তাঁর ফোনটি ছোঁ মেরে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে গাড়ি থেকে নেমে ছিনতাইকারীকে ধাওয়া করার চেষ্টা করলেও সে দ্রুত ভিড়ের মধ্যে হারিয়ে যায়। নিজের অসতর্কতার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেন আসিফ নজরুল। তিনি জানান, ঘটনার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। ফোনটি শনাক্ত করে উদ্ধার এবং ছিনতাইকারীকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল কাজ করছে। দ্রুতই ফোনটি উদ্ধার করা সম্ভব হবে বলে আশাবাদ জানিয়েছেন তিনি।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন