ব্যাটারিচালিত রিকশা বা ই-রিকশা নিবন্ধনের ক্ষেত্রে আবেদনকারীর কাছ থেকে মূল বিধিমালায় নির্ধারিত তথ্যের বাইরে আরও চার ধরনের তথ্য নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এসব তথ্য যুক্ত করে নতুন আবেদন ফরম তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন ফরমে আবেদনকারী কোন অঞ্চলের জন্য নিবন্ধনের আবেদন করছেন, তিনি নিজে রিকশা চালাবেন কি না, তাঁর পেশা এবং মাসিক আয় কত—এই চারটি তথ্য দিতে হবে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ হাবিবুল আলম জানিয়েছেন, এসব তথ্য যুক্ত করে ফরম ছাপানোর অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়ার পর ফরম ছাপানো হবে এবং এরপর বিক্রি শুরু হবে। তবে এখনো ফরম বিক্রির কোনো তারিখ নির্ধারণ করা হয়নি।
ফরমের মূল্য কত হবে, সেটিও মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। কারণ ই-রিকশা চলাচল বিধিমালায় আবেদন ফরমের মূল্য নির্ধারণের বিষয়ে কোনো নির্দেশনা নেই। এরই মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ফরমের মূল্য ১০০ টাকা নির্ধারণ করেছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিকল্পনা অনুযায়ী, সংস্থার ১০টি অঞ্চলে ১০ হাজার করে মোট এক লাখ আবেদন ফরম বিক্রি করা হবে। এসব অঞ্চলকে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের চারটি জোনের সঙ্গে সমন্বয় করা হবে। প্রতিটি ট্রাফিক জোনের জন্য আলাদা রঙের ফরম তৈরি করা হবে। ফরমে ট্রাফিক জোনের নামের পাশাপাশি সংশ্লিষ্ট ঢাকা উত্তর সিটির জোনের নামও উল্লেখ থাকবে।
তবে কতটি ই-রিকশার নিবন্ধন দেওয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ এ বিষয়ে জরিপ করছে। তাদের সঙ্গে আলোচনা ও সুপারিশের ভিত্তিতে প্রতিটি জোনে কতটি ই-রিকশা চলাচল করতে পারবে, তা নির্ধারণ করা হবে। ফলে প্রাথমিকভাবে নির্ধারিত এক লাখ ফরম বিক্রির পরিকল্পনাতেও পরিবর্তন আসতে পারে। নিবন্ধনের জন্য আগ্রহীদের প্রথমে আবেদন ফরম সংগ্রহ করতে হবে। তবে ই-রিকশা না কিনে নিবন্ধনের আবেদন করা যাবে না। অনুমোদিত উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছ থেকে গাড়ি কেনার পর প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করতে হবে।
আবেদন ফরমে অটোরিকশার নম্বর, ইঞ্জিন নম্বর, চেসিস নম্বর, মোটর নম্বর ও ব্যাটারির নম্বর উল্লেখ করতে হবে। এসব তথ্যের মাধ্যমে গাড়িটির পরিচয় ও কারিগরি বৈশিষ্ট্য যাচাই করা হবে। ই-রিকশা নিবন্ধনের অন্যতম প্রধান শর্ত হলো, গাড়িটি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত নকশা ও কারিগরি মানদণ্ড অনুযায়ী তৈরি হতে হবে। উৎপাদনকারী প্রতিষ্ঠানকে প্রথমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে। এরপর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কারিগরি অনুমোদন নিতে হবে।
ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা জানান, এখন পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সাতটি প্রতিষ্ঠান নির্ধারিত নকশায় ই-রিকশা উৎপাদনের অনুমতি পেয়েছে। এর মধ্যে পাঁচটি প্রতিষ্ঠান উৎপাদন শুরু করেছে। উৎপাদন শুরু করা প্রতিষ্ঠানগুলো হলো নিউ গ্রামীণ মোটরস, ডাইনামিক মোটরস, ডায়াস্টার বা হাইটেক পাওয়ার, মনির অটো ও আকিজ মোটরস। বাকি দুটি প্রতিষ্ঠান অনুমোদন পেলেও এখনো উৎপাদনে যায়নি। নির্ধারিত নকশা অনুযায়ী নতুন কোনো প্রতিষ্ঠানও ই-রিকশা উৎপাদনের অনুমতি নিতে পারবে। এ জন্য প্রথমে মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। মন্ত্রণালয় অনুমতি দিলে এরপর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কারিগরি অনুমোদনের জন্য আবেদন করা যাবে।
ই-রিকশা নিয়ন্ত্রণে গত ২৯ অক্টোবর স্থানীয় সরকার বিভাগ ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল বিধিমালা, ২০২৬’ জারি করে। দেশের সব সিটি করপোরেশন এলাকায় এই বিধিমালা কার্যকর হবে। বিধিমালা অনুযায়ী, নিবন্ধন ছাড়া কোনো ই-রিকশা চলতে পারবে না। প্রতিটি নিবন্ধিত ই-রিকশার জন্য কিউআর কোডযুক্ত আলাদা নম্বর ও নম্বরপ্লেট থাকবে। একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে এক বা একাধিক সিটি করপোরেশন থেকে সর্বোচ্চ পাঁচটি ই-রিকশার নিবন্ধন নেওয়া যাবে। তবে এক সিটি করপোরেশনে নিবন্ধিত ই-রিকশা অন্য সিটি করপোরেশন এলাকায় বাণিজ্যিকভাবে চালানো যাবে না।
এ ছাড়া জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, প্রধান বাস চলাচলের সড়ক এবং কর্তৃপক্ষ নির্ধারিত সড়কে ই-রিকশা চলাচল নিষিদ্ধ করা হয়েছে। ফুটপাতেও এসব যান চলতে পারবে না। কোন কোন সড়কে ই-রিকশা চলবে, তা সংশ্লিষ্ট সিটি করপোরেশন ও ট্রাফিক বিভাগ যৌথভাবে নির্ধারণ করবে। এর আগে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে চারটি করে মোট আটটি জোন করা হবে। প্রতিটি জোনের ই-রিকশার রং আলাদা হবে এবং এক জোনে নিবন্ধিত ই-রিকশা অন্য জোনে চলতে পারবে না। চালকদের জন্য আপাতত আলাদা ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক করা হচ্ছে না। নিবন্ধন প্রক্রিয়া এগিয়ে গেলে পর্যায়ক্রমে চালকদের লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করা হবে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন