যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার আগে কিউবার বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর বিষয়টি বিবেচনা করবেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে কূটনৈতিক আলোচনা থেকেও সরে আসার ইঙ্গিত দিয়েছেন তিনি। সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পর যুক্তরাষ্ট্রের প্রশাসনের অবস্থানে এমন পরিবর্তনের কথা সামনে এসেছে। ‘দ্য হিউ হিউইট শো’তে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ক্ষমতা ছাড়ার আগে তিনি কিউবার বিষয়টি সমাধান করতে চান। এ ক্ষেত্রে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলেও মন্তব্য করেন তিনি। রুবিওর বাবা-মা কিউবা থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন করেছিলেন।
কিউবায় এক সপ্তাহের সংক্ষিপ্ত সামরিক অভিযান চালানোর অনুমোদন দিতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এ ধরনের পদক্ষেপ বিবেচনা করতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। কিউবাকে ‘ব্যর্থ’ রাষ্ট্র হিসেবে উল্লেখ করে দেশটির পরিস্থিতির ওপর ঘনিষ্ঠ নজর রাখার কথাও জানান তিনি। এ সময় ফ্লোরিডার কিউবান-আমেরিকান ভোটারদের সমর্থনের প্রসঙ্গ তুলে ট্রাম্প দাবি করেন, অতীতে তিনি ওই অঙ্গরাজ্যে কিউবান ভোটের ৯৪ শতাংশ পেয়েছিলেন। এখন তিনি আগের চেয়েও বেশি জনপ্রিয় বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। কিউবা থেকে যুক্তরাষ্ট্রে আসা এবং সেখানে দুর্ব্যবহারের শিকার হওয়া মানুষদের জন্যও তিনি পদক্ষেপ নিতে চান বলে জানান।
অন্যদিকে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ নিয়েও নিজের অবস্থান বদলের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ধারাবাহিক পোস্টে তিনি জানান, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে তেহরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা বন্ধ করে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত অঙ্গরাজ্য ও শহরগুলোতে কথিত নির্বাচনী জালিয়াতির অভিযোগ তদন্তে মনোযোগ দিতে নির্দেশ দিয়েছেন। ট্রাম্পের দাবি, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্রয়োজন নেই। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে শত শত কোটি ডলার এবং হরমুজ প্রণালি পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তার এই ঘোষণার পর নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম অ্যাক্সিওস। এর প্রভাবে তেলের দাম বেড়েছে এবং শেয়ারবাজারে দরপতন হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ভ্যান্সের জন্য সিদ্ধান্তটি ছিল আকস্মিক। কয়েক মাস ধরে যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং পারমাণবিক আলোচনা পুনরায় শুরুর লক্ষ্যে যুক্তরাষ্ট্রের আলোচক দলের নেতৃত্ব দিচ্ছিলেন তিনি। কয়েক দিন আগেও ইরানের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজায়ির সঙ্গে সরাসরি আলোচনার বিষয়টি বিবেচনা করছিলেন ভাইস প্রেসিডেন্ট।
এদিকে প্যারিসে জি-৭ সম্মেলনে অংশ নেওয়া প্রতিনিধিদের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক হামলা পুনরায় শুরু করা কিংবা কূটনৈতিক সমঝোতার চেষ্টা না করার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। এর পরিবর্তে ইরান সরকারকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করার পথে এগোতে চান তিনি। ইরানের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্র বারবার প্রত্যাখ্যান করেছে। রুবিও ওই প্রস্তাবকে ‘আপত্তিকর, হাস্যকর এবং বাস্তবসম্মত নয়’ বলে মন্তব্য করেন। এর আগে সোমবার সাংবাদিকদের ট্রাম্প বলেছিলেন, ইরানের সঙ্গে যুদ্ধ কার্যত শেষ। কাতার ও সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলোর অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত পরিকল্পিত হামলা বন্ধ রাখবে বলেও জানিয়েছিলেন তিনি। তবে হরমুজ প্রণালিতে নৌ অবরোধ অব্যাহত রাখার পক্ষে অবস্থান জানান।
তবে সংঘাত পুরোপুরি থেমে যায়নি। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, উপসাগরে দেশটির একটি তেলবাহী জাহাজে হামলার পর চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্র কেশম দ্বীপে হামলা চালিয়েছে। যুদ্ধের অর্থনৈতিক প্রভাব, বিশেষ করে জ্বালানির মূল্যবৃদ্ধিকে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। ওই নির্বাচনে দলটি কংগ্রেসের নিয়ন্ত্রণ হারিয়েছে। যুদ্ধের রাজনৈতিক প্রভাব নিয়ে ট্রাম্পের সঙ্গে প্রকাশ্যে ভিন্নমত জানিয়েছিলেন ভ্যান্সও।
গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভ্যান্স লিখেছিলেন, যুদ্ধের কারণেই নির্বাচনে দলটি হেরেছে। আগামী ছয় বছরের জন্য সিনেটের নিয়ন্ত্রণ হারানোর বিনিময়ে যুদ্ধ চালিয়ে যাওয়াকে কেউ যৌক্তিক মনে করলে নিজের অবস্থান প্রকাশ করতে পারেন বলেও মন্তব্য করেন তিনি। তবে দলটি কেন হেরেছে, তা সবার জানা বলেও উল্লেখ করেন ভ্যান্স। অন্যদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন ট্রাম্প। যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে ভিন্ন কোনো সিদ্ধান্ত নিতেন না বলেও জানিয়েছেন তিনি।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন