দীর্ঘদিনের রাজনৈতিক বৈরিতা এবং গত বছরের প্রাণঘাতী সামরিক সংঘাতের পর প্রথমবারের মতো ভারতের মাটিতে যাচ্ছেন পাকিস্তানের একজন কেন্দ্রীয় মন্ত্রী। আগামী সপ্তাহে আঞ্চলিক একটি সম্মেলনে অংশ নিতে ভারত সফর করবেন পাকিস্তানের জলবায়ুমন্ত্রী মুসাদিক মালিক। শনিবার (১৪ নভেম্বর) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, আগামী ২০ থেকে ২২ নভেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠেয় সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সভ্যতাবিষয়ক সংলাপে পাকিস্তানের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন মুসাদিক মালিক। এর আগে ২০২৩ সালের মে মাসে ভারতের গোয়ায় অনুষ্ঠিত এসসিও সম্মেলনে অংশ নিয়েছিলেন তৎকালীন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। এরপর এই প্রথম পাকিস্তানের কোনো কেন্দ্রীয় মন্ত্রী ভারত সফরে যাচ্ছেন। সফরটি সম্পন্ন হলে তিন বছরেরও বেশি সময় পর দেশটির কোনো মন্ত্রীর ভারতে যাওয়া হবে ।
পারমাণবিক অস্ত্রের অধিকারী প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরেই অবিশ্বাস ও রাজনৈতিক উত্তেজনা চলছে। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা অর্জনের পর কাশ্মীর বিরোধকে কেন্দ্র করে একাধিকবার যুদ্ধে জড়িয়েছে দেশ দুটি। এর আগে ২০২৫ সালের এপ্রিলে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে এক সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হন। নিহতদের অধিকাংশই ছিলেন হিন্দু। ওই হামলার পর দুই দেশের সম্পর্ক আরও অবনতি হয়। ভারত এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ অভিযোগটি প্রত্যাখ্যান করে। এরপর দুই দেশ একে অপরের বিরুদ্ধে কূটনৈতিক পদক্ষেপ নেয়। পাশাপাশি ক্ষেপণাস্ত্র, ড্রোন ও গোলাবর্ষণের ঘটনাও ঘটে। এসব সংঘাতে ৭০ জনের বেশি মানুষ প্রাণ হারান।
পেহেলগাম হামলার জবাবে পাকিস্তানের ভূখণ্ডে সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে ‘অপারেশন সিঁদুর’ নামে সামরিক অভিযান পরিচালনা করে ভারত। এর পরিপ্রেক্ষিতে দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা চরমে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৯ মে যুদ্ধবিরতি কার্যকর হয়। এমন উত্তেজনাপূর্ণ অতীতের পর পাকিস্তানের একজন মন্ত্রীর ভারত সফরকে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ পুনরায় এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে বিভিন্ন সভ্যতার মধ্যে সংলাপ এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়ে পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ।
স্টাফ রির্পোটার
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন