ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস সোমবার (১৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেছেন। দুপুরে তিনি মন্ত্রণালয়ে প্রবেশ করেন। তবে কী কারণে তিনি সেখানে গেছেন কিংবা কার সঙ্গে সাক্ষাৎ করেছেন, সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
পিটার হাস ২০২২ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব শেষে বর্তমানে তিনি মার্কিন জ্বালানি প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জির উপদেষ্টা হিসেবে কাজ করছেন।
গত শুক্রবার (১৩ নভেম্বর) ঢাকায় আসেন পিটার ডি হাস। সূত্র জানিয়েছে, আগামী ১৯ নভেম্বর পর্যন্ত তার বাংলাদেশে অবস্থান করার কথা রয়েছে। তবে এবারের সফরে তার কর্মসূচি কী এবং কী উদ্দেশ্যে তিনি ঢাকায় এসেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার আগমন ঘিরে বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হলেও, তার সফরের উদ্দেশ্য বা মন্ত্রণালয়ে কার সঙ্গে বৈঠক করেছেন—এসব বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন