ঢাকা | |

জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ

বাংলাদেশের বিদ্যুৎ খাতে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। দেশের জাতীয় গ্রিডে প্রথমবারের মতো যুক্ত হয়েছে পারমাণবিক বিদ্যুৎ। মঙ্গলবার বিকেল
  • আপলোড সময় : ১৮ নভেম্বর ২০২৬, দুপুর ১০:১০ সময়
  • আপডেট সময় : ১৮ নভেম্বর ২০২৬, দুপুর ১০:১০ সময়
জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ

বাংলাদেশের বিদ্যুৎ খাতে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। দেশের জাতীয় গ্রিডে প্রথমবারের মতো যুক্ত হয়েছে পারমাণবিক বিদ্যুৎ। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত করা হয়। গ্রিডে সংযোগের মাত্র ২৯ মিনিটের মধ্যেই বিকেল ৩টা ৪৫ মিনিটে ইউনিটটির উৎপাদন ৩৫০ মেগাওয়াটে পৌঁছে। তবে জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখতে পরে বিদ্যুৎ সরবরাহ ৩০০ মেগাওয়াটে স্থির রাখা হয়।


প্রথম ইউনিটের জেনারেটর জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত করার সময় উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। পরে তিনি জানান, পরীক্ষার ফল সন্তোষজনক হয়েছে এবং পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। গ্রিডে যুক্ত করার আগে রূপপুরের বিদ্যুৎ ও জাতীয় গ্রিডের ভোল্টেজ, কম্পাঙ্কসহ প্রয়োজনীয় বৈশিষ্ট্যের মধ্যে সামঞ্জস্য আনা হয়। এরপর উৎপাদন বাড়িয়ে পরীক্ষা করা হয়, কেন্দ্রের টারবাইন, জেনারেটর ও নিয়ন্ত্রণব্যবস্থা জাতীয় গ্রিডের সঙ্গে কতটা স্থিতিশীলভাবে কাজ করতে পারে।


প্রথম ধাপে প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করার পরিকল্পনা রয়েছে। এ সময় বিভিন্ন কারিগরি পরীক্ষা চালানো হবে। এরপর প্রথম ইউনিটকে গ্রিড থেকে বিচ্ছিন্ন করে প্রায় ২৮ ঘণ্টা বিরতি দেওয়ার কথা রয়েছে। পরে দ্বিতীয় দফায় ৪ থেকে ৬ ঘণ্টার জন্য আবার গ্রিডে সংযোগ দেওয়া হবে। পরীক্ষার ফল সন্তোষজনক হলে পরবর্তী ধাপে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া হবে। অনুমোদনের পর শুরু হবে পরীক্ষামূলক পরিচালনা। তখন ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে পারমাণবিক চুল্লি, টারবাইন, জেনারেটর ও স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থার কার্যকারিতা যাচাই করা হবে।


চুক্তি অনুযায়ী, প্রায় ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা শেষ হওয়ার পর প্রথম ইউনিট থেকে পূর্ণ ক্ষমতায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহের কথা রয়েছে। এদিকে আগামী জানুয়ারির মধ্যে প্রথম ইউনিটের উৎপাদন ধাপে ধাপে ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ মেগাওয়াটে নেওয়ার লক্ষ্য রয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মোট দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। অর্থাৎ দুটি ইউনিটে মোট উৎপাদনক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট। তবে প্রকল্পের দুই ইউনিটের নিট ক্ষমতা ২ হাজার ১৬০ মেগাওয়াট।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
মাঠে ফিরছেন রোনালদিনহো, খেলবেন ইতালির তৃতীয় বিভাগের ক্লাবে

মাঠে ফিরছেন রোনালদিনহো, খেলবেন ইতালির তৃতীয় বিভাগের ক্লাবে