ঢাকা | |

বিএনপি নেতার ছেলের নেতৃত্বে ছাত্রলীগের মিছিল, পদ গেল বাবার

চট্টগ্রামের রাউজানে গভীর রাতে মহাসড়কে টায়ার জ্বালিয়ে, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এবং ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
  • আপলোড সময় : ১৮ নভেম্বর ২০২৬, দুপুর ১০:১৩ সময়
  • আপডেট সময় : ১৮ নভেম্বর ২০২৬, দুপুর ১০:১৩ সময়
বিএনপি নেতার ছেলের নেতৃত্বে ছাত্রলীগের মিছিল, পদ গেল বাবার

চট্টগ্রামের রাউজানে গভীর রাতে মহাসড়কে টায়ার জ্বালিয়ে, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এবং ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার মাত্র ১৮ ঘণ্টা আগে একই এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজনের ঝটিকা মিছিলের ঘটনা সামনে আসায় পুরো বিষয়টি নিয়ে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশের দাবি, ওই মিছিলে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন স্থানীয় বিএনপি নেতার ছেলে ও ছাত্রলীগ নেতা সজীব উদ্দিন চৌধুরী।


সোমবার ১৬ নভেম্বর দিবাগত রাত সোয়া ১২টার দিকে রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ছত্তারঘাট এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে নাশকতার এ চেষ্টা চালানো হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চার থেকে পাঁচটি মোটরসাইকেলে করে কয়েকজন যুবক এসে সড়কের ওপর টায়ার জ্বালিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করে। পরে কয়েকটি ককটেল বিস্ফোরণের পাশাপাশি ফাঁকা গুলি ছোড়ার অভিযোগও পাওয়া যায়। খবর পেয়ে রাউজান থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা হাটহাজারীর দিকে পালিয়ে যায়। পুলিশ জ্বলন্ত টায়ারের আগুন নেভানোর পাশাপাশি সড়ক থেকে প্রতিবন্ধকতা সরিয়ে নেয়। ঘটনাস্থল থেকে তিনটি তাজা ককটেল এবং একটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে।


এরপর স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা ঘটনাস্থলে গিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করেন। এর আগে একই এলাকায় সোমবার ভোর ৫টার দিকে ৮ থেকে ১০ জনের একটি দল ব্যানার নিয়ে কয়েক সেকেন্ডের ঝটিকা মিছিল করে পালিয়ে যায়। পুলিশ জানায়, ওই মিছিলে সামনে থেকে নেতৃত্ব দেওয়া ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি কদলপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সেলিম উদ্দিন চৌধুরীর ছেলে ছাত্রলীগ নেতা সজীব উদ্দিন চৌধুরী। মিছিলে অংশ নেওয়া অন্যদের বহিরাগত বলে জানিয়েছে পুলিশ।


রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, রাতের ঘটনায় ঘটনাস্থল থেকে ককটেল উদ্ধার করা হয়েছে। সেখানে গুলি ছোড়া হয়ে থাকতে পারে, তবে বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। এদিকে ছেলের ছাত্রলীগের মিছিলে নেতৃত্ব দেওয়ার বিষয়টি সামনে আসার পর বিএনপি নেতা সেলিম উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কদলপুর ইউনিয়ন বিএনপি। স্থানীয় বিএনপি নেতারা জানান, তিনি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সমন্বয়ক ছিলেন। এর আগে যুবদলের দায়িত্বেও ছিলেন।


নেতাদের দাবি, ছেলের কর্মকাণ্ড নিয়ে সেলিম উদ্দিন চৌধুরীকে আগেও সতর্ক করা হয়েছিল। তবে সোমবারের ঘটনার পর তাঁকে কার্যত দলীয় সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরবর্তী দলীয় সভায় তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা রয়েছে। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সেলিম উদ্দিন চৌধুরীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোনে সংযোগ পাওয়া যায়নি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
মাঠে ফিরছেন রোনালদিনহো, খেলবেন ইতালির তৃতীয় বিভাগের ক্লাবে

মাঠে ফিরছেন রোনালদিনহো, খেলবেন ইতালির তৃতীয় বিভাগের ক্লাবে