ভোরের নীরবতা ভেঙে হঠাৎ আগুনে জ্বলতে শুরু করে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি বাস। আগুন ছড়িয়ে পড়ার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এর মধ্যেই একটি বাসের ভেতর থেকে উদ্ধার করা হয় ঘুমিয়ে থাকা এক হেলপারের মরদেহ। পিরোজপুরের ভান্ডারিয়ায় এই অগ্নিকাণ্ডে মো. সিয়াম নামে ওই হেলপারের মৃত্যু হয়েছে।
বুধবার ১৮ নভেম্বর ভোর ৪টার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নিহত সিয়ামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বাসস্ট্যান্ডে রাখা বরিশাল মালিক সমিতির ‘বাহক’ এবং ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ নামের দুটি বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। আগুন দেখতে পেয়ে টহলরত পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
এ সময় আশপাশে থাকা এবং অন্য বাসের ভেতরে ঘুমিয়ে থাকা লোকজনকে দ্রুত জাগিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে আগুন নিয়ন্ত্রণে আসার পর ‘বাহক’ বাসের ভেতরে তল্লাশি চালিয়ে সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়। এরপর মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জগলুল হাসান ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কারা কী উদ্দেশ্যে বাস দুটিতে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এদিকে একই রাতে পিরোজপুরের নাজিরপুর উপজেলার চৌঠাই মহল এলাকায় সড়কের পাশে থাকা আরও চারটি দোকানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। একই রাতে জেলার দুই এলাকায় আগুন দেওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন