গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় হামলা ও স্থানীয় সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, হামলায় জড়িত কেউই পার পাবে না। ঘটনাস্থলের ভিডিও ফুটেজ, ছবি ও অডিও রেকর্ড বিশ্লেষণ করে প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। মঙ্গলবার ১৭ নভেম্বর সন্ধ্যার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিপুলসংখ্যক নেতা-কর্মী মিছিল নিয়ে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন। একপর্যায়ে থানায় হামলার পাশাপাশি থানা চত্বরে থাকা একাধিক গাড়িতে আগুন দেওয়া হয়। পরে থানা থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে স্থানীয় সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
বিষয়টি জাতীয় সংসদে তুলে ধরে উদ্বেগ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, গোপালগঞ্জে কয়েক দিন ধরে অস্থিরতা ও নাশকতার ঘটনা ঘটছে। মাইকে ঘোষণা দিয়ে থানা ঘেরাও, হামলা ও অগ্নিসংযোগের মতো ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নিয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সরকারের অবস্থান জানতে চান। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, দেশের অগ্নিকাণ্ড ও নাশকতার পেছনে সীমান্তের ওপার থেকে সাবেক এমপি-মন্ত্রীরা গত কয়েক দিনে বার্তা দিচ্ছেন। আগুন দিয়ে মানুষ পোড়ানো আওয়ামী লীগের পুরোনো চরিত্র বলেও মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার গণতান্ত্রিক সরকার এবং সরকার রাজপথে কোনো আন্দোলনকারীকে হত্যার পক্ষে নয়। তবে থানা কিংবা সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়ার মতো ঘটনায় কোনো ছাড় দেওয়া হবে না। আত্মরক্ষার প্রয়োজন হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় বলপ্রয়োগ করবে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, যারা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে থানায় হামলার আহ্বান জানিয়েছে, তাদের ভিডিও ফুটেজ ও অডিও রেকর্ড সরকারের হাতে রয়েছে। এসব প্রমাণ পর্যালোচনা করে জড়িত সবাইকে আইনের হেফাজতে নেওয়া হবে। একই সঙ্গে সীমান্তের ওপার থেকে আসা উসকানিতে পা না দেওয়ার জন্য গোপালগঞ্জের সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি।
আওয়ামী লীগের নেতাদের দেশে ফেরার ঘোষণার সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বারবার দেশে ফেরার ঘোষণা দিয়ে বিদেশে বা দেশের বিভিন্ন স্থানে পালিয়ে থাকা নেতা-কর্মীদের আরও বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। তাঁর দাবি, গণহত্যার কারণে পতিত আওয়ামী লীগ গণতান্ত্রিকভাবে রাজনীতি করার বৈধতা হারিয়েছে এবং বিদেশে আশ্রয় নেওয়া দলটির নেতারা আর বাংলাদেশে রাজনীতি করতে পারবেন না। এদিকে চলমান শ্রমিক অসন্তোষ নিয়েও সংসদে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, কালিয়াকৈর, গাজীপুর, সাভার, আশুলিয়া, হেমায়েতপুর ও উত্তরাসহ বিভিন্ন শিল্পাঞ্চলের পরিস্থিতি সরকার নিয়মিত পর্যবেক্ষণ করছে। মালিক ও শ্রমিকদের সঙ্গে একাধিক দফা আলোচনার পর শ্রমিকেরা কাজে ফিরে যেতে এবং মজুরি বোর্ডের মাধ্যমে মজুরি নির্ধারণের বিষয়টি মেনে নিতে সম্মত হয়েছেন বলে জানান তিনি।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন