ঢাকা | |

ভিটেহারা রোহিঙ্গাদের ঘরে ফিরতে আর কত দিন

রোহিঙ্গাদের ওপর গণহত্যার অভিযোগে দীর্ঘ সাত বছরের বিচারপ্রক্রিয়া শেষে মিয়ানমারকে দায়ী করেছে হেগের আন্তর্জাতিক বিচার আদালত। বৃহস্পতিবার সাড়ে
  • আপলোড সময় : ২১ নভেম্বর ২০২৬, সকাল ৯:৫০ সময়
  • আপডেট সময় : ২১ নভেম্বর ২০২৬, সকাল ৯:৫০ সময়
ভিটেহারা রোহিঙ্গাদের ঘরে ফিরতে আর কত দিন

রোহিঙ্গাদের ওপর গণহত্যার অভিযোগে দীর্ঘ সাত বছরের বিচারপ্রক্রিয়া শেষে মিয়ানমারকে দায়ী করেছে হেগের আন্তর্জাতিক বিচার আদালত। বৃহস্পতিবার সাড়ে তিন ঘণ্টারও বেশি সময় ধরে রায় পাঠের পর আদালত ৯-৬ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে জানায়, মিয়ানমারের উত্তর রাখাইন অঞ্চলে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালানো হয়েছে। এই রায়ের মাধ্যমে প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করল আন্তর্জাতিক বিচার আদালত।


ঐতিহাসিক এই রায়ের সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ওপর। কারণ বছরের পর বছর ধরে বাংলাদেশে অবস্থান করা রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনই এখন ঢাকার প্রধান লক্ষ্য। বাংলাদেশ মনে করছে, আদালতের এই সিদ্ধান্ত মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াবে এবং রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর পথ সহজ করতে ভূমিকা রাখবে। তবে বিশ্লেষকদের অনেকে মনে করছেন, শুধু আদালতের রায় দিয়েই প্রত্যাবাসন নিশ্চিত হবে না। কারণ রায় বাস্তবায়নের ক্ষেত্রে আন্তর্জাতিক রাজনৈতিক চাপ, জাতিসংঘের ভূমিকা এবং মিয়ানমারের ওপর প্রভাব বিস্তার করতে পারে এমন দেশগুলোর অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।


আন্তর্জাতিক বিচার আদালতের সিদ্ধান্ত অনুযায়ী, মামলার পক্ষ হিসেবে মিয়ানমারকে আদালতের নির্দেশনা মেনে চলতে হবে। কোনো পক্ষ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী দায়িত্ব পালনে ব্যর্থ হলে বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলার সুযোগ রয়েছে। ফলে রোহিঙ্গা গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির পাশাপাশি এই রায় বাংলাদেশের জন্য একটি শক্তিশালী আইনগত ভিত্তি তৈরি করেছে। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, রায়ের বাস্তবায়নে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিভিন্ন ফোরামে কাজ করা হবে। জাতিসংঘ সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদেও বিষয়টি জোরালোভাবে তোলার পরিকল্পনা রয়েছে।


জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে। তবে প্রত্যাবাসন হতে হবে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ। রোহিঙ্গাদের নিরাপত্তা, নাগরিকত্ব, অবাধ চলাচল এবং বৈষম্যহীনভাবে বসবাসের নিশ্চয়তাও থাকতে হবে। তিনি বলেন, কোনো বিচারিক রায় নিহত মানুষকে ফিরিয়ে আনতে পারে না কিংবা সব ক্ষত সারিয়ে তুলতে পারে না। তবে সত্যের মধ্য দিয়েই ন্যায়বিচারের যাত্রা শুরু হয়। তিনি গণহত্যার বিচার নিশ্চিত করা, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে এমন নৃশংসতা প্রতিরোধের আহ্বান জানান।


২০১৭ সালের ২৫ আগস্টের পর মিয়ানমারের রাখাইন থেকে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। বর্তমানে কক্সবাজারে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গার সংখ্যা ১২ লাখের বেশি। দীর্ঘদিন ধরে তাদের প্রত্যাবাসনের আলোচনা চললেও কার্যকর অগ্রগতি হয়নি। বিশ্লেষকদের মতে, এখন বাংলাদেশের সামনে জাতিসংঘে প্রস্তাব তোলা, নিরাপত্তা পরিষদে আন্তর্জাতিক চাপ বাড়ানো এবং মিয়ানমারের ওপর প্রভাব রয়েছে এমন দেশগুলোর সঙ্গে কূটনৈতিক আলোচনা জোরদার করার সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে চীন ও রাশিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করছেন তারা।


এদিকে মিয়ানমারের জান্তা সরকার আন্তর্জাতিক বিচার আদালতের রায়কে ‘অন্যায্য’ বলে প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, ১৫ বিচারকের মধ্যে ৯ জন রায়ের পক্ষে এবং ৬ জন বিপক্ষে অবস্থান নিয়েছেন। ফলে এটি সর্বসম্মত সিদ্ধান্ত নয় বলেও মন্তব্য করেছে মিয়ানমার। তবে রায়কে কেন্দ্র করে এখন সবচেয়ে বড় প্রশ্ন—আন্তর্জাতিক আদালতের এই ঐতিহাসিক সিদ্ধান্ত কি বাস্তবে ১২ লাখের বেশি রোহিঙ্গার নিজ দেশে ফেরার পথ খুলে দিতে পারবে? নাকি গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবেই সীমাবদ্ধ থাকবে এই রায়—সেটিই এখন দেখার বিষয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
'অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখন বাস্তবতার বয়ান নিয়ন্ত্রণে ব্যস্ত'

'অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখন বাস্তবতার বয়ান নিয়ন্ত্রণে ব্যস্ত'