দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে একটি স্বার্থান্বেষী মহল তৎপর রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতি কোনো একক পক্ষের দায়িত্ব নয়। সরকার, রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে এ ধরনের অপতৎপরতা প্রতিহত করতে হবে। শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ৩২তম আন্তর্জাতিক বাণিজ্যমেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অর্থনৈতিক অগ্রগতি সরকারের একার স্বার্থের বিষয় নয়, এটি দেশের প্রতিটি মানুষের স্বার্থের সঙ্গে জড়িত। তাই দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, অতীতে বাংলাদেশের অর্থনীতি গুটিকয়েক মানুষের হাতে কেন্দ্রীভূত ছিল। সেই অবস্থা থেকে বেরিয়ে এসে অর্থনীতির গণতন্ত্রায়ন করতে চায় সরকার। দেশের প্রতিটি মানুষ যাতে অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ পান এবং উন্নয়নের সুফল ভোগ করতে পারেন, সেটিই লক্ষ্য।
মন্ত্রী আরও বলেন, শুধু রাজনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে একটি দেশের সামগ্রিক অগ্রগতি নিশ্চিত করা সম্ভব নয়। অর্থনৈতিক ক্ষেত্রেও সবার অংশগ্রহণ ও সুযোগ নিশ্চিত করতে হবে। অর্থনীতিকে এগিয়ে নিতে দেশে স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করাকে সবচেয়ে জরুরি বলে উল্লেখ করেন তিনি। তাঁর মতে, স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হলে বাংলাদেশ বড় ধরনের অর্থনৈতিক অগ্রযাত্রায় শামিল হতে পারবে। সরকারের পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পরিবেশ ধরে রাখা গেলে পাঁচ বছরের শেষে দেশের অর্থনীতি নতুন উচ্চতায় পৌঁছাবে। একই সঙ্গে কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারে সরকারের লক্ষ্যও বাস্তবায়ন করা সম্ভব হবে।
অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামকে নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে কাজ চলছে। ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করাও সিটি করপোরেশনের অন্যতম অগ্রাধিকার। সংসদ সদস্য আবু সুফিয়ান বলেন, ব্যবসা-বাণিজ্যের স্বার্থে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সরকারের অঙ্গীকার। জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
চিটাগাং চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক চট্টগ্রাম বিমানবন্দর, বন্দর ও কাস্টম হাউসের উন্নয়ন ও আধুনিকায়নে অর্থমন্ত্রীর দীর্ঘমেয়াদি পরিকল্পনা সম্পর্কে ব্যবসায়ী সমাজের আগ্রহের কথা জানান। তিনি বলেন, এসব গুরুত্বপূর্ণ অবকাঠামোর উন্নয়ন দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারে। এক মাসব্যাপী বাণিজ্যমেলা সফল করতে সবার সহযোগিতা কামনা করেন মেলার চেয়ারম্যান ও চেম্বার পরিচালক এস এম সাইফুল আলম।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন