বান্দরবানের সদরে ধর্মীয় আনুষ্ঠানিকতা ও আনন্দঘন পরিবেশে ৩০তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব উদযাপন করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) উপজেলার ৬ নম্বর জামছড়ি ইউনিয়নের বাঘমারা হেডম্যানপাড়া বৌদ্ধ বিহারে এ উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মিসেস মাম্যাচিংয়ের প্রতিনিধি ও জেলা পরিষদের সদস্য চনু মং। এ সময় তিনি বৌদ্ধ বিহারের অবকাঠামোগত উন্নয়ন এবং ধর্মীয় কার্যক্রম পরিচালনায় জেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
উৎসব উপলক্ষে বৌদ্ধ ভিক্ষুরা দায়ক-দায়িকাদের উদ্দেশ্যে ধর্মীয় উপদেশ ও দিকনির্দেশনা দেন। পাশাপাশি কঠিন চীবর দানের ধর্মীয় গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন তাঁরা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হেডম্যান মংপু মার্মা, জামছড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অংচমং মারমা, সাধারণ সম্পাদক মংথুইচিং মারমা, কারবারি পুথোয়াই অং, প্যানেল চেয়ারম্যান সেম্প্রু মার্মাসহ বাঘমারা হেডম্যানপাড়া বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকা এবং স্থানীয় ধর্মপ্রাণ বৌদ্ধ সম্প্রদায়ের সদস্যরা।
বাঘমারা হেডম্যানপাড়া বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকাদের উদ্যোগ ও সৌজন্যে আয়োজিত এ ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে পুরো এলাকায় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
স্টাফ রির্পোটার
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন