ঢাকা | |
সংবাদ শিরোনাম :
পাবনার বেড়ায় বিএনপি-আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ, বাড়িঘরে ভাঙচুর-আগুন বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকের নৈতিক সাহস ও বিবেক: আইনমন্ত্রী উৎসবমুখর পরিবেশে বান্দরবানে কঠিন চীবর দান অনুষ্ঠিত আবারও সাইবার হামলার শিকার এফবিআই, গুরুত্বপূর্ণ তথ্যভাণ্ডারে অনুপ্রবেশের তদন্ত সার কারখানা ছাড়া শিল্প মন্ত্রণালয়ের সব কারখানা পিপিপিতে বেসরকারি খাতে দেওয়ার পরিকল্পনা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর ইমরান খানের মুক্তি চেয়ে পাকিস্তানের প্রতি জাতিসংঘের আহ্বান গোপালগঞ্জে নতুন করে ৭ প্লাটুন আনসার মোতায়েন, সাত জেলায় দায়িত্বে ৪৯ প্লাটুন মৃত্যুর পরও ৭ আমলের সওয়াব যুক্ত হতে থাকে আমলনামায় আল্লাহর কাছে দালালের বিচার চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে প্রতারিত বিদেশগামীর চিঠি

বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকের নৈতিক সাহস ও বিবেক: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে বিচারকের ব্যক্তিত্ব, নৈতিক দৃঢ়তা ও বিবেকবোধ সবচেয়ে
  • আপলোড সময় : ২১ নভেম্বর ২০২৬, বিকাল ৭:৩৫ সময়
  • আপডেট সময় : ২১ নভেম্বর ২০২৬, বিকাল ৭:৩৫ সময়
বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকের নৈতিক সাহস ও বিবেক: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে বিচারকের ব্যক্তিত্ব, নৈতিক দৃঢ়তা ও বিবেকবোধ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বলেন, আইনগতভাবে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হলেও বিচারকরা যদি নিজেদের বিবেক ও ন্যায়বোধের ভিত্তিতে দায়িত্ব পালন না করেন, তাহলে সেই স্বাধীনতা বাস্তবে কার্যকর হবে না। শনিবার (২১ নভেম্বর) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সেমিনার হলে সিভিল জজ ও সমপর্যায়ের বিচারকদের ৫২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। বিচারকদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, বিচারিক দায়িত্ব পালনের সময় সব ধরনের চাপ, প্রভাব ও ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থেকে ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করতে হবে। একজন বিচারকের কাছে সবচেয়ে বড় জবাবদিহি নিজের বিবেকের কাছে। তাই আর্থিক সততার পাশাপাশি বুদ্ধিবৃত্তিক সততা এবং স্বাধীনভাবে বিচারিক সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা গড়ে তোলা জরুরি।

বিচারিক চিন্তাভাবনার ব্যাপ্তি বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, রায় দেওয়ার ক্ষেত্রে প্রচলিত আইন, পূর্ববর্তী নজির ও আইনি নীতিমালা অনুসরণের পাশাপাশি মামলার প্রকৃত পরিস্থিতি, সামাজিক বাস্তবতা এবং ন্যায়বিচারের বৃহত্তর স্বার্থ বিবেচনায় রাখতে হবে। এ জন্য বিচারকদের নিজস্ব জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতার যথাযথ প্রয়োগ প্রয়োজন। তাঁর মতে, অধস্তন আদালতের সিদ্ধান্ত ও যুক্তি অনেক সময় উচ্চ আদালতের গুরুত্বপূর্ণ বিচারিক নির্দেশনার ভিত্তি হিসেবে কাজ করে। আইনমন্ত্রী আরও বলেন, সমাজের পরিবর্তন ও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে। কোনো ঘটনার আইনি ব্যাখ্যা দিতে গিয়ে ন্যায়বিচারের মৌলিক লক্ষ্য এবং বৃহত্তর সামাজিক প্রেক্ষাপটকে উপেক্ষা করা উচিত নয়। বিচারকদের আইনি দক্ষতার পাশাপাশি গভীর চিন্তাশক্তি ও দূরদর্শিতাও অর্জন করতে হবে। বিচারকদের পেশাগত মর্যাদা ও দায়িত্বের বিশেষ গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, একজন বিচারক রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করেন। তাই অন্য পেশার কর্মকর্তাদের সুযোগ-সুবিধার সঙ্গে নিজের অবস্থান তুলনা না করে বিচারিক দায়িত্বের মর্যাদা ও গুরুত্ব অনুধাবন করা প্রয়োজন।

বিচারকদের স্বাধীন ও নিরাপদ পরিবেশে কাজ করার বিষয়েও গুরুত্ব দেন আইনমন্ত্রী। তিনি বলেন, বিচারিক সিদ্ধান্তের কারণে কোনো বিচারকের দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি করা কিংবা আদালতের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিচারকদের পেশাগত সম্মান এবং আদালতের শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে। তিনি আশ্বাস দিয়ে বলেন, বিচার বিভাগের যেকোনো সংকটময় সময়ে আইন মন্ত্রণালয় বিচারকদের পাশে থাকবে। তবে কোনো বিচারক বা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম কিংবা দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করা হবে। ব্যক্তিগত সম্পর্ক বা পরিচয়ের চেয়ে বিচার বিভাগের মর্যাদা ও প্রাতিষ্ঠানিক স্বার্থ তাঁর কাছে বেশি গুরুত্ব পাবে। 

আইনমন্ত্রী বলেন, নতুন প্রজন্মের বিচারকদের নেতৃত্বেই আগামী দুই দশকে দেশের বিচার বিভাগ আরও অগ্রসর হবে। বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনা এবং তা ধরে রাখার দায়িত্ব বিচারকদেরই পালন করতে হবে। গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার সুরক্ষায় বিচার বিভাগকে সতর্ক প্রহরীর ভূমিকা পালন করতে হবে। অনুষ্ঠানে আইন কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি জিনাত আরা, আইন কমিশনের সদস্য অবসরপ্রাপ্ত বিচারপতি শামীম হাসনাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাইমা হক, আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) শেখ আশফাকুর রহমান।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয়

গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয়