ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইরানের পরমাণু নীতি পরিবর্তনের বিরোধী চীন-রাশিয়া: আব্বাস আরাগচি যেসব শারীরিক সমস্যায় বাদাম খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি ২৩ নভেম্বর পোশাকশ্রমিকদের নতুন মজুরির প্রস্তাব দিতে পারে মালিকপক্ষ: মজুরি বোর্ড চেয়ারম্যান ২০২৭ শিক্ষাবর্ষে ঢাকার সরকারি স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা মুক্তির প্রথম দিনেই ৩.৭৯ বিলিয়ন ডলারের বিক্রি, নতুন রেকর্ড গড়ল ‘জিটিএ-৬’ পাবনার বেড়ায় বিএনপি-আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ, বাড়িঘরে ভাঙচুর-আগুন বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকের নৈতিক সাহস ও বিবেক: আইনমন্ত্রী উৎসবমুখর পরিবেশে বান্দরবানে কঠিন চীবর দান অনুষ্ঠিত আবারও সাইবার হামলার শিকার এফবিআই, গুরুত্বপূর্ণ তথ্যভাণ্ডারে অনুপ্রবেশের তদন্ত সার কারখানা ছাড়া শিল্প মন্ত্রণালয়ের সব কারখানা পিপিপিতে বেসরকারি খাতে দেওয়ার পরিকল্পনা

মুক্তির প্রথম দিনেই ৩.৭৯ বিলিয়ন ডলারের বিক্রি, নতুন রেকর্ড গড়ল ‘জিটিএ-৬’

মুক্তির প্রথম দিনেই বিশ্ববাজারে প্রায় ৩.৭৯ বিলিয়ন ডলারের বিক্রি করে নতুন রেকর্ড তৈরি করেছে জনপ্রিয় ভিডিও গেম ‘গ্র্যান্ড
  • আপলোড সময় : ২১ নভেম্বর ২০২৬, রাত ৮:০ সময়
  • আপডেট সময় : ২১ নভেম্বর ২০২৬, রাত ৮:০ সময়
মুক্তির প্রথম দিনেই ৩.৭৯ বিলিয়ন ডলারের বিক্রি, নতুন রেকর্ড গড়ল ‘জিটিএ-৬’
মুক্তির প্রথম দিনেই বিশ্ববাজারে প্রায় ৩.৭৯ বিলিয়ন ডলারের বিক্রি করে নতুন রেকর্ড তৈরি করেছে জনপ্রিয় ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ-৬)। শুক্রবার (২০ নভেম্বর) গেমটির নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমস এ তথ্য প্রকাশ করেছে। দীর্ঘ ১৩ বছরের বিরতির পর সিরিজটির নতুন সংস্করণ বাজারে আসায় বিশ্বজুড়ে গেমারদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সেই আগ্রহের প্রতিফলন মিলেছে গেমটির প্রথম দিনের বিক্রির পরিসংখ্যানেও। রকস্টার গেমস জানিয়েছে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মুক্তির দিন শেষ হওয়া পর্যন্ত বিশ্ববাজারে খুচরা বিক্রির হিসাবের ভিত্তিতে এই আয়ের পরিমাণ নির্ধারণ করা হয়েছে। শুধু মুক্তির পর নয়, আগাম বিক্রির ক্ষেত্রেও নতুন রেকর্ড গড়েছে ‘জিটিএ-৬’। প্রতিষ্ঠানটির তথ্যমতে, আনুষ্ঠানিকভাবে বাজারে আসার আগেই বিভিন্ন প্ল্যাটফর্মে গেমটির ৩ কোটি ২৫ লাখ কপি বিক্রি হয়েছে। গেমিং প্ল্যাটফর্মগুলোর ইতিহাসে এটিকে নতুন রেকর্ড হিসেবে উল্লেখ করেছে রকস্টার। এক বিবৃতিতে রকস্টার গেমসের প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা স্যাম হাউসার বলেন, বিশ্বজুড়ে গেমারদের কাছ থেকে পাওয়া অভূতপূর্ব সাড়ায় তারা মুগ্ধ। এমন একটি বিশেষ মুহূর্ত সবার সঙ্গে উদ্‌যাপন করতে পেরে তারা আনন্দিত।

আগের সংস্করণ ‘জিটিএ-৫’-কেও ছাড়িয়ে গেল
প্রথম দিনের আয়ের দিক থেকে আগের সংস্করণ ‘গ্র্যান্ড থেফট অটো ৫’ বা ‘জিটিএ-৫’-এর তুলনায় অনেক এগিয়ে রয়েছে নতুন গেমটি। ২০১৩ সালে প্রকাশিত ‘জিটিএ-৫’ প্রথম তিন দিনে খুচরা বিক্রির মাধ্যমে ১ বিলিয়ন ডলার আয় করেছিল। পরবর্তী সময়ে এটি বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ভিডিও গেমগুলোর অন্যতম হয়ে ওঠে। প্রকাশক প্রতিষ্ঠান টেক-টু ইন্টারঅ্যাকটিভের তথ্য অনুযায়ী, ‘গ্র্যান্ড থেফট অটো’ সিরিজের বিশ্বব্যাপী ৪৭০ মিলিয়নের বেশি কপি বিক্রি হয়েছে। এর মধ্যে শুধু ‘জিটিএ-৫’-এর বিক্রির পরিমাণই ২৩০ মিলিয়ন কপির বেশি। যুক্তরাষ্ট্রের বাজারে গেমটির সাধারণ সংস্করণের দাম প্রায় ৮০ ডলার। মুক্তির আগেই গেমটি নিয়ে ব্যাপক চাহিদার আভাস পাওয়া গিয়েছিল। চলতি মাসের শুরুতে প্লেস্টেশন ব্লগে জানানো হয়, তাদের অনলাইন স্টোরের ইতিহাসে সবচেয়ে বেশি আগাম অর্ডার পাওয়া গেমের তালিকায় শীর্ষে রয়েছে ‘জিটিএ-৬’। বিপুল চাহিদার কারণে মুক্তির নয় দিন আগেই প্লেস্টেশন ব্যবহারকারীদের গেমটি ডাউনলোড করে রাখার সুযোগ দেওয়া হয়। এতে মুক্তির দিন থেকেই খেলার জন্য প্রস্তুত থাকতে পেরেছেন ক্রেতারা।

১৩ বছরের অপেক্ষার অবসান
বিশ্বজুড়ে জনপ্রিয়তা ও বিতর্ক—দুইয়ের জন্যই পরিচিত ওপেন-ওয়ার্ল্ড ভিডিও গেম সিরিজ ‘গ্র্যান্ড থেফট অটো’র নতুন সংযোজন হলো ‘জিটিএ-৬’। মার্কিন সমাজ ও সংস্কৃতির বিভিন্ন দিক ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপনের জন্য পরিচিত এই সিরিজের আগের গেমগুলোতে নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসের আদলে তৈরি কাল্পনিক শহর দেখা গেছে। নতুন সংস্করণে খেলোয়াড়দের নিয়ে যাওয়া হয়েছে মায়ামিভিত্তিক কাল্পনিক শহর ভাইস সিটিতে। দীর্ঘ ১৩ বছর পর সিরিজটির নতুন গেম বাজারে এসেছে। এর গল্পের মূল চরিত্র লুসিয়া কামিনোস ও জেসন ডুভাল। কাল্পনিক অঙ্গরাজ্য লিওনিডায় অপরাধজগতের সঙ্গে জড়িয়ে নিজেদের ভাগ্য বদলানোর চেষ্টা করে এই যুগল। গেমটির প্রাথমিক পর্যালোচনায় চরিত্রগুলোর পারস্পরিক সম্পর্ক ও আবেগের বিষয়টি আগের সংস্করণের তুলনায় বেশি গুরুত্ব পেয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এর আগে সিরিজটির প্রধান আকর্ষণ ছিল সহিংসতা, অস্ত্রের মুখে ছিনতাই, ব্যাংক ডাকাতি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড। তবে নতুন সংস্করণে এসব উপাদানের পাশাপাশি চরিত্রগুলোর মধ্যকার সম্পর্ককেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পর্যালোচকরা।

প্রকাশ্যে এল অভিনয়শিল্পীদের পরিচয়
গেমটি বাজারে আসার মধ্য দিয়ে এর অভিনয়শিল্পীদের পরিচয় নিয়ে দীর্ঘদিনের গোপনীয়তারও অবসান ঘটেছে। লুসিয়া কামিনোস চরিত্রে অভিনয় করেছেন মানি এল পেরেজ। অন্যদিকে, জেসন ডুভালের ভূমিকায় রয়েছেন ডিলান রোর্ক। রকস্টারের বড় অভিনয়শিল্পী ও কলাকুশলী দলের তালিকায় আরও রয়েছেন ববি ময়নিহান, স্টিফেন রুট, ট্যারিন ম্যানিং, রোজেলিন সানচেজ এবং র‍্যাপার ডেনজেল কারির মতো পরিচিত ব্যক্তিরা। বিনোদনজগতের অন্যতম বড় ফ্র্যাঞ্চাইজি ‘গ্র্যান্ড থেফট অটো’র নতুন সংস্করণের জন্য এক দশকেরও বেশি সময় ধরে অপেক্ষা করছিলেন ভক্তরা। দীর্ঘ প্রতীক্ষার পর গেমটি মুক্তি পেতেই প্রথম দিনের বিক্রিতে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয়

গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয়