ব্যাংকের পরিচালনা পর্ষদে দীর্ঘদিন ধরে একই ব্যক্তির নিয়ন্ত্রণ, পারিবারিক প্রভাব আর রাজনৈতিক প্রভাব কমাতে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন প্রস্তাব কার্যকর হলে একজন ব্যক্তি সর্বোচ্চ ৬ বছর একটি ব্যাংকের পরিচালক থাকতে পারবেন। এরপর আবার পরিচালক হতে চাইলে তাকে বাধ্যতামূলকভাবে ৩ বছর অপেক্ষা করতে হবে।
বাংলাদেশ ব্যাংকের সুপারিশের ভিত্তিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ব্যাংক কোম্পানি আইনের সংশোধনী খসড়া তৈরি করেছে। অর্থমন্ত্রীর অনুমোদনের পর এটি চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভায় পাঠানোর কথা রয়েছে। ব্যাংক খাতে সাম্প্রতিক অনিয়ম এবং কয়েকটি ব্যাংকের আর্থিক অবস্থার অবনতির প্রেক্ষাপটেই এসব পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।
বর্তমানে একজন ব্যাংক পরিচালক সর্বোচ্চ ১২ বছর দায়িত্ব পালন করতে পারেন। নতুন প্রস্তাবে এই মেয়াদ অর্ধেক করে ৬ বছর করার কথা বলা হয়েছে। ছয় বছর দায়িত্ব পালনের পর পুনরায় পরিচালক হতে হলে তিন বছরের বিরতিতে যেতে হবে। এর আগে ২০১৮ সালে পরিচালকদের মেয়াদ ৬ বছর থেকে বাড়িয়ে ৯ বছর করা হয়েছিল। পরে ২০২৩ সালে তা আরও বাড়িয়ে ১২ বছর করা হয়। শুধু পরিচালকের মেয়াদ নয়, ব্যাংকের মালিকানায় পারিবারিক প্রভাব কমাতেও পরিবর্তন আনা হচ্ছে। একই পরিবার থেকে সর্বোচ্চ তিনজন পরিচালক থাকার সুযোগ কমিয়ে দুজন করার প্রস্তাব রয়েছে। একই পরিবারের সদস্যদের নিয়ন্ত্রণাধীন বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মনোনীত পরিচালকের সংখ্যাও সর্বোচ্চ দুজন থেকে কমিয়ে একজন করার কথা বলা হয়েছে।
পরিচালনা পর্ষদের সর্বোচ্চ সদস্যসংখ্যা ২০ জনই থাকছে। তবে বাড়ছে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা। ২০ সদস্যের পর্ষদে বর্তমানে তিনজন স্বতন্ত্র পরিচালক থাকলেও নতুন প্রস্তাবে অন্তত চারজন রাখার কথা বলা হয়েছে। আর ২০ জনের কম সদস্যের পর্ষদে স্বতন্ত্র পরিচালকের ন্যূনতম সংখ্যা দুজন থেকে বাড়িয়ে তিনজন করার প্রস্তাব করা হয়েছে। স্বতন্ত্র পরিচালকের যোগ্যতাও কঠোর করা হচ্ছে। নিয়োগের আগের অন্তত তিন বছর সংশ্লিষ্ট ব্যক্তি ব্যাংক বা ব্যাংক-সংশ্লিষ্ট কারও সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ স্বার্থে জড়িত থাকতে পারবেন না।
এদিকে ব্যাংক পরিচালনায় রাজনৈতিক প্রভাব কমাতে মন্ত্রী, সমমর্যাদার ব্যক্তি, সংসদ সদস্য এবং স্থানীয় সরকারের প্রতিনিধিদের ব্যাংকের পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগের অযোগ্য ঘোষণার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি কোনো পরিচালককে টানা তিন মাসের বেশি পর্ষদ সভায় অনুপস্থিত থাকার ছুটি দেওয়া যাবে না। এমন ছুটি বছরে একবারের বেশি নেওয়ার সুযোগও থাকবে না।
ব্যাংকের শেয়ার ধারণের ক্ষেত্রেও পরিবর্তন আসতে পারে। কৌশলগত দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের ক্ষেত্রে ১০ শতাংশের বেশি শেয়ার রাখার সীমা শিথিল করার ক্ষমতা বাংলাদেশ ব্যাংককে দেওয়ার প্রস্তাব রয়েছে। সব মিলিয়ে প্রস্তাবিত সংশোধনী কার্যকর হলে ব্যাংক পরিচালনায় দীর্ঘমেয়াদি ব্যক্তিগত নিয়ন্ত্রণ, পারিবারিক প্রভাব ও রাজনৈতিক হস্তক্ষেপ কমানোর পাশাপাশি স্বতন্ত্র পরিচালকদের ভূমিকা আরও শক্তিশালী করার পথ তৈরি হতে পারে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন