মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা তীব্র হয়ে উঠেছে। একদিকে সৌদি আরবের আকাশে একের পর এক ড্রোন হামলার ঘটনা ঘটছে, অন্যদিকে হরমুজ প্রণালিতে একটি জাহাজ সামুদ্রিক মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি করেছে ইরান। এরই মধ্যে ইয়েমেনের হোদেইদা বন্দর এলাকার বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। মঙ্গলবার ২৪ নভেম্বর হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলে একটি জাহাজে হামলার কথা জানায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের নৌবাহিনী। ইরানের দাবি, জাহাজটি খাসাব বন্দরের উত্তরে অনুমোদিত নৌপথ না মেনে চলছিল। এ সময় সামুদ্রিক মাইনের আঘাতে জাহাজটি থেমে যায়।
ইরানি কর্তৃপক্ষ জাহাজের মালিক ও ক্যাপ্টেনদের সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালিতে নিরাপদে চলাচলের জন্য সামুদ্রিক নিরাপত্তাবিধি মেনে চলতে হবে। একই সঙ্গে অনুমোদিত নৌপথ ব্যবহার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সতর্কবার্তাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে। পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে হরমুজ প্রণালি। বিশ্ব জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বিপুল পরিমাণ তেল ও জ্বালানি পণ্য পরিবহন করা হয়। ফলে সেখানে সামরিক উত্তেজনা বাড়লে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও এর প্রভাব পড়ার আশঙ্কা থাকে।
এদিকে বুধবার ২৫ নভেম্বর ভোরে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আকাশে দুটি ড্রোন শনাক্ত করে প্রতিহত ও ধ্বংস করার কথা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানিয়েছেন, ড্রোন দুটি ধ্বংস করা হলেও এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা তিনি জানাননি। এর আগে মঙ্গলবার সৌদি রাজধানী রিয়াদের কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের একটি বহুতল ভবনে ড্রোন হামলা হয়। সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, ওই হামলায় ১১ জন আহত হয়েছেন।
এই হামলার জন্য ইয়েমেনের হুতি গোষ্ঠীকে দায়ী করেছেন তুর্কি আল-মালিকি। একই সঙ্গে এ ধরনের হামলার কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন তিনি। সাম্প্রতিক সময়ে হুতি গোষ্ঠী ও সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। হুতিদের হামলায় সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি স্থাপনাও লক্ষ্যবস্তু হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
২০১৫ সাল থেকে ইয়েমেনের সরকারকে সমর্থন দিয়ে হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। অন্যদিকে, ২০১৪ সাল থেকে ইয়েমেনের রাজধানী সানাসহ দেশটির বিভিন্ন এলাকা নিয়ন্ত্রণ করছে হুতিরা। এই উত্তেজনার মধ্যেই বুধবার ভোরে ইয়েমেনের হোদেইদা বন্দরের আশপাশের এলাকা থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। নিরাপত্তাঝুঁকির কথা উল্লেখ করে দেওয়া এই সতর্কবার্তার সঙ্গে একটি মানচিত্রও প্রকাশ করা হয়েছে, যেখানে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা হয়েছে।
সৌদি কর্তৃপক্ষের দাবি, রিয়াদে ড্রোন হামলার পর হোদেইদা এলাকায় এই সতর্কতা জারি করা হয়েছে। এর আগে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে রিয়াদের কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের একটি বহুতল ভবনে এটিই দ্বিতীয় হামলার ঘটনা। ফলে সৌদি আরবের আকাশে ড্রোন হামলা, হরমুজ প্রণালিতে জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি এবং হোদেইদা এলাকায় নতুন সতর্কবার্তা—সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে আবারও বড় ধরনের সামরিক উত্তেজনার আশঙ্কা তৈরি হয়েছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন