চীনের মহাকাশ স্টেশনে এবার ইতিহাস গড়তে যাচ্ছেন এক পাকিস্তানি নাগরিক। শুধু প্রথম পাকিস্তানি হিসেবে মহাকাশে যাত্রাই নয়, চীনের নিজস্ব মহাকাশ স্টেশন ‘তিয়ানগং’-এ প্রথম বিদেশি নাগরিক হিসেবে প্রবেশের সুযোগ পাচ্ছেন ৪০ বছর বয়সী পাইলট জিশান আলী। তার এই যাত্রা শুধু পাকিস্তানের জন্য নয়, আন্তর্জাতিক মহাকাশ গবেষণার ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ ঘটনা। বুধবার ২৫ নভেম্বর উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে ‘শেনঝৌ-২৪’ মহাকাশযানে করে যাত্রা শুরু করার কথা রয়েছে তার। মহাকাশযানটিকে কক্ষপথে নিয়ে যাবে ‘লং মার্চ-২এফ’ রকেট। তিন সদস্যের এই অভিযানে জিশান আলীর সঙ্গে থাকবেন চীনা কমান্ডার তাং হংবো এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার উ ই।
এই অভিযানে পেলোড বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করবেন জিশান আলী। তিয়ানগং মহাকাশ স্টেশনে পাঁচ থেকে ১০ দিন অবস্থান করে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষায় অংশ নেবেন তিনি। এই বিশেষ অভিযানের জন্য বেইজিংয়ে টানা সাত মাসের প্রশিক্ষণও সম্পন্ন করেছেন পাকিস্তানি এই পাইলট। মহাকাশে যাওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে জিশান আলী বলেছেন, তিনি শুধু নিজের জন্য যাচ্ছেন না, বরং তার কাঁধে পুরো পাকিস্তানের নাম রয়েছে। তার এই যাত্রার মধ্য দিয়ে মহাকাশ অভিযানে পাকিস্তানের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে।
বর্তমানে পৃথিবীর কক্ষপথে কার্যকর দুটি মহাকাশ স্টেশন রয়েছে। একটি যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার নেতৃত্বাধীন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন, যেখানে রাশিয়া, ইউরোপ, জাপান ও কানাডাসহ বিভিন্ন দেশ অংশীদার। অন্যটি চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘তিয়ানগং’, যার অর্থ স্বর্গের প্রাসাদ। ২০২২ সাল থেকে স্টেশনটি পূর্ণাঙ্গভাবে কার্যক্রম পরিচালনা করছে। এদিকে, চীনের আরেকটি মহাকাশ অভিযানে নতুন গবেষণার প্রস্তুতি চলছে। শেনঝৌ-২৩ অভিযানের কমান্ডার ঝু ইয়াংঝু তিয়ানগং স্টেশনে টানা এক বছর অবস্থান করবেন। দীর্ঘ সময় মহাকাশে থাকলে মানুষের শরীরে কী ধরনের পরিবর্তন ঘটে, তা নিয়ে গবেষণা করতেই এই উদ্যোগ। কোনো চীনা নভোচারীর জন্য এটিই হবে মহাকাশে থাকার সবচেয়ে দীর্ঘ সময়।
বিশ্লেষকদের ধারণা, ২০৩০ সালের মধ্যে নাসার নেতৃত্বাধীন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন অবসরে যেতে পারে। এমন পরিস্থিতিতে মহাকাশ গবেষণায় চীনের গুরুত্ব আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাকিস্তানের মতো উন্নয়নশীল দেশগুলোকে নিজেদের মহাকাশ কর্মসূচিতে যুক্ত করে বেইজিং একদিকে বৈজ্ঞানিক সহযোগিতা বাড়াচ্ছে, অন্যদিকে আন্তর্জাতিক কূটনীতিতেও নিজেদের প্রভাব বিস্তারের সুযোগ তৈরি করছে। সব মিলিয়ে, জিশান আলীর এই যাত্রা কেবল একজন পাকিস্তানি পাইলটের মহাকাশ অভিযান নয়; বরং মহাকাশ গবেষণায় চীনের আন্তর্জাতিক সহযোগিতা ও প্রভাব বিস্তারের নতুন এক দৃষ্টান্ত হয়ে উঠতে যাচ্ছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন