হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোক আকস্মিকভাবে দেখা দিলেও এর পেছনে থাকা ঝুঁকি দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে তৈরি হতে পারে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, হার্ট অ্যাটাক, স্ট্রোক অথবা হৃদ্যন্ত্র ও রক্তনালির রোগে মৃত্যুর প্রায় ৩০ বছর আগেই শরীরে কিছু সম্ভাব্য সতর্কসংকেত দেখা দিতে পারে। রক্তচাপ, কোলেস্টেরল, কিডনির কার্যক্ষমতাসহ বিভিন্ন স্বাস্থ্যসূচকের পরিবর্তন বিশ্লেষণ করে আগাম ঝুঁকি সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব। জামা নেটওয়ার্ক ওপেন সাময়িকীতে প্রকাশিত এ গবেষণায় যুক্তরাষ্ট্র, নরওয়ে ও যুক্তরাজ্যের ১ লাখ ১৩ হাজারের বেশি প্রাপ্তবয়স্ক মানুষের স্বাস্থ্যসংক্রান্ত তথ্য পর্যালোচনা করা হয়েছে। এডিনবরা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি প্রতিষ্ঠানের গবেষকেরা চারটি দীর্ঘমেয়াদি গবেষণা থেকে এসব উপাত্ত সংগ্রহ করেন। ১৯৮৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত সময়ে অংশগ্রহণকারীদের মোট ৩ লাখ ১৬ হাজার ৭১৯টি স্বাস্থ্য পরীক্ষার তথ্য এতে বিশ্লেষণ করা হয়। গবেষণার প্রাথমিক পর্যায়ে অংশ নেওয়া কারও হার্ট অ্যাটাক বা স্ট্রোকের পূর্ব ইতিহাস ছিল না। তবে পরবর্তী সময়ে তাঁদের মধ্যে ১৬ হাজার ৯১৭ জন হার্ট অ্যাটাক বা স্ট্রোকের শিকার হন কিংবা হৃদ্যন্ত্র ও রক্তনালিসংক্রান্ত রোগে মারা যান।
উচ্চ রক্তচাপ হতে পারে আগাম সংকেত
গবেষণায় আক্রান্ত ও আক্রান্ত না হওয়া ব্যক্তিদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য পার্থক্যগুলোর একটি পাওয়া গেছে সিস্টোলিক রক্তচাপে। হৃদ্যন্ত্র সংকুচিত হওয়ার সময় ধমনিতে যে চাপ সৃষ্টি হয়, তাকে সিস্টোলিক রক্তচাপ বলা হয়। পরবর্তী সময়ে যাঁরা হার্ট অ্যাটাক বা স্ট্রোকের শিকার হয়েছেন, তাঁদের সিস্টোলিক রক্তচাপ আক্রান্ত হওয়ার প্রায় ৩০ বছর আগেও অন্যদের তুলনায় গড়ে ৪ মিলিমিটার পারদ বেশি ছিল। আক্রান্ত হওয়ার সময় যত কাছাকাছি এসেছে, রক্তচাপের এই পার্থক্যও তত স্পষ্ট হয়েছে। গবেষণায় আরও দেখা যায়, কম বয়সে পুরুষদের তুলনায় নারীদের রক্তচাপ সাধারণত কম থাকলেও প্রায় ৬৫ বছর বয়সে নারীদের রক্তচাপ তুলনামূলক বেশি হওয়ার প্রবণতা দেখা যায়।
কোলেস্টেরল ও অন্যান্য স্বাস্থ্যসূচকেও পার্থক্য
কোলেস্টেরলের মাত্রা, ডায়াবেটিস, শরীরের ভরসূচক (বিএমআই), শারীরিক সক্রিয়তা এবং কিডনির কার্যক্ষমতার ক্ষেত্রেও দুই দলের মধ্যে ভিন্নতা পাওয়া গেছে। বিশেষ করে কম বয়সে যাঁরা পরবর্তী সময়ে হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন, তাঁদের মধ্যে ডায়াবেটিস ও উচ্চ বিএমআই থাকার প্রবণতা তুলনামূলক বেশি ছিল।
রক্ত পরীক্ষাতেও আগাম ঝুঁকির ইঙ্গিত
গবেষণায় রক্তের কয়েকটি গুরুত্বপূর্ণ সূচকও পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে রয়েছে সি-রিঅ্যাকটিভ প্রোটিন, কার্ডিয়াক ট্রোপোনিন এবং এনটি-প্রোবিএনপি। গবেষণার তথ্য অনুযায়ী, এনটি-প্রোবিএনপির মাত্রায় পরিবর্তন হৃদ্রোগে আক্রান্ত হওয়ার প্রায় ১০ বছর আগেই শনাক্ত করা সম্ভব হয়েছে। হৃদ্যন্ত্রের কার্যক্ষমতা কমে যাওয়ার বিষয়টি মূল্যায়নে এ সূচক ব্যবহার করা হয়। তবে গবেষকেরা সতর্ক করেছেন, এসব স্বাস্থ্যসূচকের পরিবর্তন দেখেই কোনো ব্যক্তির ভবিষ্যতে হার্ট অ্যাটাক বা স্ট্রোক হবে—এমন নিশ্চয়তা দেওয়া যায় না। বিষয়টি আরও ভালোভাবে বুঝতে অতিরিক্ত গবেষণার প্রয়োজন রয়েছে।
গবেষক ডোরিয়েন কিমেনাইয়ের মতে, গবেষণার ফলাফল হৃদ্রোগ প্রতিরোধে আগাম পরিকল্পনা ও কার্যকর কৌশল তৈরিতে সহায়তা করতে পারে। ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের অধ্যাপক ব্রায়ান উইলিয়ামস বলেন, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের অনেক ঘটনা প্রতিরোধ করা সম্ভব। নিয়মিত রক্তচাপ ও কোলেস্টেরল পরীক্ষা করলে ভবিষ্যতে হৃদ্রোগের ঝুঁকি সম্পর্কে আগেই ধারণা পাওয়া যায়। পাশাপাশি সময়মতো জীবনযাত্রায় প্রয়োজনীয় পরিবর্তন আনার সুযোগও তৈরি হয়।
স্টাফ রির্পোটার
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন