রাজধানীর মিরপুরের পল্লবীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলার এজাহারনামীয় একাধিক মামলার আসামি ও যুবলীগ নেতা মাহামুদ আলমকে আটকের পর মুচলেকা নিয়ে থানা থেকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে পল্লবী থানা পুলিশের বিরুদ্ধে।
গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত ১০ টায় মিরপুর ১২ নম্বর ডি ব্লক রাজুর হোটেলের সামনে থেকে তাকে আটক করে পুলিশ।
জানা যায়, মাহামুদ আলম পল্লবী থানার ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সক্রিয় কর্মী ও একই ওয়ার্ডের যুবলীগের সেক্রেটারি পদপ্রার্থী ছিলো। তার বিরুদ্ধে মিরপুর ১০ নম্বরে অস্ত্রহাতে ছাত্রজনতার ওপর হামলার অভিযোগে ২০২৫ সালের মে মাসের ১২ তারিখ মিরপুর মডেল থানায় একটি মামলা হয়। ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১ নম্বর আসামি ও মাহমুদ আলমকে ৬৭ নম্বর আসামি করা হয়েছে। মামলার বাদী মো. নাজমুস সালাম।
পল্লবী থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে পল্লবী থানার একটি টিম মিরপুর ১২ নম্বর ডি ব্লক থেকে যুবলীগ নেতা মাহামুদ আলমকে আটক করে পল্লবী থানায় নিয়ে আসে। পুলিশ মোবাইল ফোন ও বিভিন্ন তথ্যের ভিত্তিতে মাহামুদ আলমের রাজনৈতিক পরিচয় ও মামলার বিষয়টি নিশ্চিত হলে তাকে থানার হাজত খানায় আটকে রাখে।
তাকে গ্রেফতারের পরদিন সকালে মুচলেকা নিয়ে ছেড়ে দেয় পুলিশ। হত্যা মামলার এ আসামিকে মুচলেকা রেখে ছেড়ে দিয়েছে তা প্রকাশ করেনি পুলিশ।
তবে, হত্যা মামলার আসামিকে ছেড়ে দেওয়ায় ওই দিন রাতে পল্লবী এলাকায় চাউড় হলে ওই যুবলীগ নেতার মিছিল-মিটিংয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
স্থানীয়রা জানান, যুবলীগ নেতা মাহামুদ আলম ও সাবেক ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলামের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অস্ত্রহাতে মিরপুর ১০ নম্বরে ছাত্রজনতার ওপর গুলি করার অভিযোগ রয়েছে।
এ ঘটনার ভিডিও ও স্থির চিত্র ফেসবুকে ভাইরাল হয়েছে। তার বিরুদ্ধে মিরপুর মডেল থানা সহ পল্টন থানায় একাধিক মামলাও রয়েছে। এ দিকে যুবলীগ নেতা মাহামুদ আলমকে আটকের পর থানা থেকে ছেড়ে দেওয়ার বিষয়টি নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। এ নিয়ে গত ৩-৪ দিন ধরে পল্লবী থানা পুলিশ রহস্যজনক আচরন করছে।
এ বিষয়ে পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিউল আলম বলেন, আমি গত কয়েকদিন অসুস্থ ছিলাম। এ কাজটি কারা করেছে এ বিষয়ে আমার জানা নেই।
ওসির বাহিরে কোন সিন্ডিকেট কাজ করেছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, বিষয়টি নিয়ে আমাদের ওপরে কথা বলা যেতে পারে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন